প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে বেশিরভাগ বাড়িতে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য টাইলস এবং মার্বেলের ব্যবহার করে থাকে। কিন্তু সমস্যা হল সঠিকভাবে পরিষ্কার (Home Cleaning Tips) করলেও টাইলসের (Tiles) কোনায় কোনায় কালো দাগ পড়ে থাকে। অনেকবার মেঝে পরিষ্কার করা হলেও এই দাগ সহজে যায় না। এক সময়ে দেখা যায়, সাধের টাইলসের উপর এমন ভাবে দাগ চেপে বসে গিয়েছে এবং দেখতে অপরিষ্কার লাগছে। তবে চিন্তা নেই সামান্য কয়েকটি ঘরোয়া টোটকাতেই এই দাগ মুছে যাবে চটজলদি।
কালো ছোপ পড়ছে মেঝেতে
বর্ষায় এমনিতেও ঘরের মেঝে স্যাঁতসেঁতে থাকে। তার উপরে সহজেই দাগছোপ পড়ে যায়। কেবল জল দিয়ে মুছলে সেই দাগ যায় না। কারণ দিনের পর দিন এইসব দাগে নোংরা জমতে জমতে এক জেদি কালো ছোপে পরিণত হয়েছে। তাই এই দাগ দূর করতে মেনে চলুন আমাদের আজকে প্রতিবেদনের দেওয়া বেশ কয়েকটি টিপস।
টাইলস পরিষ্কার করার উপায়
- ঘরের টাইলসের দাগ দূর করতে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী উপাদান। সেক্ষেত্রে জলে সম পরিমাণ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এ বার ব্রাশ দিয়ে সেই মিশ্রণে ডুবিয়ে নিয়ে টাইলসের ওপর দাগ লাগা জায়গাগুলিতে ঘষে নিতে হবে। তার পর জল দিয়ে জায়গাটা মুছে নিলেই দেখবেন টাইলসের দাগ অনেকটা, মুছে গিয়েছে।
- ভিনিগারও টাইলসের দাগ তুলে ফেলতে বেশ কার্যকরী। এর জন্য একটি পাত্রে পরিমাণ মতো ভিনিগার নিয়ে তার সঙ্গে মেশাতে হবে পর্যাপ্ত পরিমাণ বেকিং পাউডার আর সামান্য গরম জল। তারপর সেই মিশ্রণে কাপড় ভিজিয়ে টাইলসের দাগ গুলির ওপর ঘষুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন চকচক করছে।
আরও পড়ুন: আগের দিন সব্জি কেটে রাখলেই পচে যাচ্ছে? মেনে চলুন এই টিপস
- টাইলসের জেদি করা দাগ মুছতে জল ও হাইড্রোজেন পারক্সাইডের যুগলবন্দি বেশ ভালো। এর জন্য একটি পাত্রে একই পরিমাণে জল ও হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিয়ে সেটি স্প্রে বোতলের সাহায্যে টাইলসের দাগের উপর স্প্রে করুন। দেখবেন টাইলসের দাগ মুছে যাবে।
- খুব দ্রুত টাইলস পরিষ্কার করতে হলে ব্লিচ ব্যবহার করতে পারেন৷ এর জন্য জলে অল্প পরিমাণে ব্লিচ মিশিয়ে চেপে চেপে পরিষ্কার করুন৷ দেখবেন নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে এছাড়াও এক বালতি গরম জলের সঙ্গে বাড়িতে ব্যবহার করা ডিশ ওয়াশিং শোপ মিশিয়ে দিলেও পরিষ্কার হয়ে যাবে টাইলস।










