প্রীতি পোদ্দার, কলকাতা: রান্না করতে অনেকেই ভালবাসেন, তবে শুধু রান্না করলে হবে না তার জন্য মশলা বাটা, সবজিও দরকার। তাই সেক্ষেত্রে একমাত্র ভরসা হল ছুরি (Kitchen Knife)। ঝটপট করে সবজি কাটাকুটি হয়ে গেলেই রান্না শেষ। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে ছুরির ধার ধীরে ধীরে কমে যায়। তখন খাবার বানানো বেশি চাপের হয়ে যায়, ফলে রান্নার কাজেও সময় লাগে বেশি। তবে ফন্দি জানলেই উপায় (Kitchen Hacks) হয়। বাড়িতেই খুব সহজে ছুরি ধারালো করতে পারেন। চলুন, আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন বিস্তারিত।
অতিরিক্ত ব্যবহারে কমছে ছুরির ধার
অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে সামান্য টমেটো কাটতে গেলেও হিমশিম খেতে হয়। শুধু তাই নয় পেঁয়াজ কাটতে গিয়েও কালঘাম ছোটাতে হয়। এদিকে রান্নার ঝামেলার মাঝেই বাড়তি কসরত করতে বিরক্ত লাগে। তবে চিন্তার কিছু নেই। হাতের কাছে থাকা কয়েকটি সাধারণ গৃহস্থালি জিনিসপত্র ব্যবহার করেই (Kitchen Hacks) কয়েক মিনিটে ছুরিতে ফিরিয়ে আনা সম্ভব ধারালো ভাব। রইল সেই টিপস।
সঠিক পদ্ধতিতে রাখতে হবে
ছুরিতে ধারের সমস্যা দূর করার জন্য প্রথম থেকেই ছুরি ব্যবহার করার পর ভাল করে ধুয়ে মুছে শুকনো জায়গায় রেখে দিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় ছুরি যদি কাপড়ে মুড়ে রাখা যায়। পাশাপাশি কাঠের কিংবা প্লাস্টিকের বোর্ডের উপরে রেখে শাকসবজি কাটলে ছুরির ধার নষ্ট হয় না।
খবরের কাগজ
খবরের কাগজের সাহায্যেও ছুরিতে ধার ফেরানো যায়। এর জন্য খবরের কাগজ মোটা করে ভাঁজ করে নিতে হবে। এরপর সেই খবরের কাগজের উপর ছুরিটি ভাল ভাবে ঘষতে হবে। দেখবেন ছুরিতে ধার আসবে। আসলে খবরের কাগজের কালিতে থাকা কার্বন ছুরিতে ধার ফিরিয়ে আনে।
চিনা মাটির পাত্র
চিনা মাটির পাত্রেও ছুরি ধার করা যাবে। যেকোনো চিনা মাটির কফি মগ নিয়ে নিন, তারপর কাপের উল্টোদিকের সাদা অংশটিতে ছুরির মুখটা ভালো করে ঘষুন মিনিট পাঁচেক দেখবেন ছুরিতে ধার আসছে। তবে এই কাজ করার আগে ছুরিটি হালকা করে গরম করে নিতে হবে নইলে সহজে ধার হবে না।
আরও পড়ুন: প্যান্ডেল হপিং করতে গিয়ে পায়ে পড়ছে ফোস্কা! ব্যথা কমাতে কী করবেন, রইল টিপস
শিরিষ কাগজ
ছুরিতে ধার ফিরিয়ে আনার জন্য ব্যবহার করতে পারেন শিরিষ কাগজ। এর জন্য প্রথমে একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে নুন মিশিয়ে ছুরিটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কাপড় দিয়ে মুছে ছুরির দুই প্রান্তে ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে, তাহলেই দেখবেন ধার চলে এসেছে।
ফয়েল পেপার
ফয়েল পেপার দিয়েও ছুরির ধার ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য এক টুকরো ফয়েল পেপারকে কয়েক ভাঁজ করে কিছুটা মোটা বানিয়ে নিয়ে ভোঁতা ছুরি দিয়ে সেই ফয়েল পেপারটি বারবার কাটার চেষ্টা করুন। দেখবেন চার-পাঁচবার ফয়েল পেপারটি ছোট ছোট টুকরো করে কাটলেই ধাতুর ঘর্ষণে ছুড়ির ধারালো ভাব ফিরে এসেছে।










