প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর (Durga Puja 2026) সময় নতুন জামার সঙ্গে মানানসই নতুন জুতো পরে ঠাকুর দেখতে যাওয়ার যে আনন্দ রয়েছে, তা বেশ মজার। কিন্তু সেই আনন্দ করতে গিয়ে মাঝপথে পায়ের ফোস্কা (Shoe Blisters) নিয়ে বিপাকে পড়তে হয়। আসলে দীর্ঘক্ষণ জুতো পরে হাঁটাহাঁটি করলে বা জুতো পায়ের সঙ্গে ঠিকমতো মানানসই না হলে ফোস্কা (Blister) পড়ার সম্ভাবনা থাকে। আর সেই ‘জ্বালাময়ী’ ব্যথা যে কী, তা যার পায়ে হয় সেই বোঝে। তবে চিন্তা নেই, সেই সমস্যা মোকাবিলা করার জন্য রয়েছে বেশ কয়েকটি ঘরোয়া টিপস।
নতুন জুতো পরলে নাজেহাল হতে হয় কম বেশি সকলকে। সে যতই দামি জুতোই হোক না কেন খানিকক্ষণ হাঁটিহাঁটির পর পায়ে ফোস্কা পড়ে। আর তখন ব্যান্ড-এইড, তুলো, ওষুধ ছাড়া জুতো পরার অবকাশ থাকে না। তাই ফোস্কার হাত থেকে বাঁচার জন্য বেশ কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে হাজির হল আমাদের আজকের এই প্রতিবেদন।
নতুন জুতো পরার আগে কী করবেন?
- জুতো পরার আগের দিন রাতে জুতোর গায়ে কোনও ময়েশ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে তা মুছে জুতো পায়ে গলান। অবশ্যই জুতো পরার সময় পায়েও মেখে নিতে পারেন নারকেল তেল অথবা ময়েশ্চারাইজার। এতে ফোস্কার ঝুঁকি কম থাকবে।
- নতুন জুতোর নির্দিষ্ট কিছু অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা থাকে। পরে চামড়া ফুলে ঢোল হয়ে যায়। তাই সে ক্ষেত্রে জুতোর ওই মোটা অংশগুলিতে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে। এছাড়াও সেই অংশগুলিতে তুলো আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন।
আরও পড়ুন: পুজোর আগে চোখের তলার কালি দূর করুন এই ৩ ঘরোয়া উপায়ে
ফোস্কা পড়লে কী করবেন?
- জুতোর জন্য পায়ে যেখানে ফোস্কা পড়েছে সেখানে নারকেল তেল লাগালে উপকার মিলবে। কারণ নারকেল তেলের উদ্ভিজ্জ ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বককে আর্দ্র রাখে। শুরুতে জ্বালা করলেও দিনে দুইবার এই তেল দিলে রেহাই পাবেন ব্যথার থেকে।
- ফোস্কার জ্বলুনি কমাতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। যেখানে ফোস্কা পড়েছে সেখানে জেল নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে রাখুন। দিনে দুই-তিনবার এই প্রক্রিয়াটি করলেই ব্যথা জলদি কমবে।
- সামান্য জলের সঙ্গে একটু আটা গুলে ওই মিশ্রণের মণ্ডটি ফোস্কার উপর লাগালে ক্ষত তাড়াতাড়ি শুকোয়। এছাড়াও ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগালেও ব্যথা এবং জ্বালাভাব দ্রুত কমে যাবে।










