অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকালে খাদ্যশস্য সংরক্ষণ করতে অনেককেই ঝামেলা পোহাতে হয়। এমনিতে চাল (Rice), ডাল, নুন, তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীগুলি রান্নাঘরেই মজুত রাখেন বেশিরভাগ মানুষ। চালে পোকা (Weevils) বা ঘুণ ধরার সমস্যা সারা বছরই লেগে থাকে, তবে বর্ষাকালে অনেকটাই বেড়ে যায়। চাল থেকে একটা একটা করে পোকা বাছা কষ্টসাধ্য ব্যাপার। অনেক সময় পোকার উপদ্রব এতটাই বেড়ে যায় যে, সব পোকা দূর করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে চাল ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন অবস্থায় কী করবেন? কীভাবে চালকে পোকামুক্ত রাখবেন? আসুন সহজ কয়েকটি উপায় জেনে নেওয়া যাক।
বর্ষায় চালকে পোকামুক্ত রাখার উপায়
পোকা ধরা চাল যে শুধু খারাপ হয়ে যায়, তা নয়। যদি কেউ পোকা বেছে সেটা রান্না করেন তাহলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকে যায়। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললেই এই পোকা দূর করা সম্ভব। আসলে সঠিক উপায়ে চাল সংরক্ষণ করলেই এই সমস্যার সমাধান মিলবে। চাল পোকা-মুক্ত রাখার কয়েকটি সহজ উপায় দেখে নিন।
১) চাল সবসময় বায়ুরোধী (Airtight) কৌটো বা পত্রের মধ্যে সংরক্ষণ করা উচিত। এক্ষেত্রে প্লাস্টিকের পাত্রের বদলে বড় স্টিলের ড্রাম ব্যবহার করা সবচেয়ে ভালো, এতে চাল ভালো থাকে ও পোকার উপদ্রবের সম্ভাবনা কমে।
২) চাল রাখার সময় তার মধ্যে কয়েকটি নিম পাতা বা তেজপাতা দিয়ে দিতে পারেন। চালের পোকা বা ঘুণ কড়া নিমের গন্ধ সহ্য করতে পারে না।
৩) চালের পাত্রে কয়েক কোয়া শুকনো রসুন দিয়ে রাখলেও এই সমস্যার সমাধান হতে পারে। রসুনের মধ্যে থাকা সালফার পোকা দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন: বর্ষায় ফ্রিজের সংরক্ষিত সবজি পচে যাচ্ছে? মেনে চলুন এই নিয়ম
৪) আরেকটি অদ্ভুত উপায় রয়েছে। যাতে চালের পোকা দূর করা হয়। ড্রামের ভেতর একটি দেশলাই বাক্স রেখে দিলে পোকার উপদ্রব কমানো সম্ভব। দেশলাইতে সালফার থাকে এবং এর গন্ধ পোকা তাড়াতে সাহায্য করে।
৫) কাঠের বাক্সে চাল রাখা ঠিক নয়। কারণ কাঠের পাত্রে পোকা বাসা বাঁধার প্রবণতা থাকে। যদি দেখেন প্রায়শই চালে পোকা ধরছে, তবে চাল ফ্রিজে রেখে রাখতে পারেন। ফ্রিজের ঠান্ডা আবহাওয়ায় পোকা মরে যায়।
৬) গোবিন্দভোগের মতো সুগন্ধি চালে পোকার আক্রমণের প্রবণতা বেশি থাকে। এ ধরনের চাল পোকার কবল থেকে বাঁচাতে ফ্রিজে বন্ধ কৌটোয় করে সংরক্ষণ করতে পারেন।










