অনন্যা সরকার, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য বড় খবর। শোনা যাচ্ছে, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট হোল্ডারের গোপনীয় তথ্য নাকি চুরি করে নিয়েছে একদল হ্যাকার। সম্প্রতি একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে যে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায় ৩,৭৫,০০০ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তবে, এই দাবির সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি। এমনকি এখনও এসবিআই-এর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। আসুন এই ঘটনা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
কী দাবি করা হচ্ছে?
এক্স (X)-এ ‘সাইবারপালস৫৬’ (CyberPulse56) নামের সাইবার সিকিউরিটি বিষয়ক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে যে, ‘সিরিউসিম’ (Siriusim) নামে একটি হ্যাকার গোষ্ঠী এসবিআই-এর গ্রাহকদের বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে বলে দাবি করছে। ওই পোস্ট অনুযায়ী, হ্যাকারদের কাছে ৩,৭৫,০০০-এরও বেশি অ্যাকাউন্টের তথ্য ও ২,৭২২টি পিডিএফ (PDF) ফাইল রয়েছে।
হ্যাকারদের দাবি অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় নথি, ঋণের আবেদনপত্র, অ্যাকাউন্ট খোলার ফর্ম, ঠিকানা ও আবেদনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি বিষয়। তবে, হ্যাকাররা এই তথ্যগুলো প্রকৃতপক্ষে এসবিআই-এর সিস্টেম থেকেই পেয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ‘সাইবারপালস৫৬’-এর পোস্টে উল্লেখ করা হয়েছে যে, এই তথ্য ফাঁসের সত্যতা, উৎস ও পরিধি – কোনো কিছুই এখনও যাচাই করে দেখা হয়নি।
আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের অবসান ঘটালেন অভিজিৎ দীপকে! চোখের কোণে জল
কিন্তু এই দাবি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে গ্রাহকরা তাদের পরিচিতি চুরি, ভুয়া ঋণের আবেদন, অর্থনৈতিক প্রতারণা, টার্গেটেড ফিশিংয়ের মতো ঝুঁকির মুখে পড়তে পারেন। এছাড়া, চুরি হওয়া তথ্য প্রতারকরা বিক্রি করে দিতে পারে এবং তা ব্যবহার করে ব্যাংকিং জালিয়াতি সংঘটিত হতে পারে বলেও সতর্ক করা হচ্ছে।
গ্রাহকদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?
এসবিআই-এর গ্রাহকরা অপরিচিত কোনো ফোন কল, এসএমএস (SMS) বা হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন এবং সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যদি কেউ নিজেকে ব্যাংকের কর্মী, পুলিশ বা সরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আপনার পাসওয়ার্ড, ওটিপি (OTP) বা এটিএম পিন (ATM PIN) জানতে চায়, তাহলেও এই ধরনের কোনো গোপনীয় তথ্য শেয়ার করবেন না।
নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের ওপর নজর রাখুন। কোনো অপরিচিত লেনদেন বা অর্থ কেটে নেওয়ার ঘটনা ঘটলেই সময় নষ্ট না করে ব্যাংককে জানান। এর পাশাপাশি, লগইন বা লেনদেন সংক্রান্ত কোনো সতর্কতা (alert) পেলে, তা উপেক্ষা করবেন না। সেগুলি ভালো করে যাচাই করে দেখুন। যদি সতর্কতা সত্ত্বেও কোনও ধরণের প্রতারণার শিকার হন, তবে অবিলম্বে ব্যাংকে অভিযোগ জানান এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে ঘটনাটি রিপোর্ট করুন।
আরও পড়ুনঃ হাঁটতে পারেন না স্বামী, কোলে করে প্রতিমা দর্শন করাচ্ছেন স্ত্রী! এ এক অন্য ভালোবাসার ছবি
উল্লেখ্য, হ্যাকারদের দ্বারা ৩ লক্ষ ৭৫ হাজার গ্রাহকের গোপন তথ্য চুরি করার এই দাবি প্রসঙ্গে এসবিআই এখনও কোনো মন্তব্য করেনি। তাই, তথ্য যে নিশ্চিত ভাবে ফাঁস হয়েছে, তা ধরে নেওয়াটা এখনই উচিত হবে না। তার পরিবর্তে গ্রাহকদের সতর্ক থাকা ও আর্থিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ হবে।










