মিলবে বেতনের ১০০% পেনশন, থাকবে বাছার সুযোগ! অষ্টম পে কমিশন নিয়ে বড় খবর

Published:

Eighth Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার অষ্টম বেতন কমিশনের (Eighth Pay Commission) সুপারিশে শুধুমাত্র সাধারণ বেতন বৃদ্ধি বা ডিএ-র উপর জোর দেওয়া হচ্ছে না, বরং অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক এবং সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করার উপরেও বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, সরকার এবং কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলির মধ্যে এখন আধুনিক নতুন পেনশন (Pension) কাঠামো নিয়ে জোরদার আলোচনা চলছে। এই নতুন প্রস্তাবে মূলত দুটি পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথমত, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনের অংক বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, নিজেদের সুবিধা অনুযায়ী ওপিএস, এনপিএস বা ইউপিএস-এর মতো যে কোনও একটি পেনশন স্কিমকে বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা পাবেন কর্মচারীরা।

পেনশনের ক্ষেত্রে এবার নয়া প্রস্তাব

ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির পক্ষ থেকে অষ্টম বেতন কমিশনের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, অবসরের পর প্রবীণ নাগরিকদের সম্মানজনক জীবনযাত্রার মান বজায় রাখার জন্য পেনশন বৃদ্ধি করা জরুরী। বর্তমানে অবসরের সময় পাওয়া শেষ বেসিক পেনশনের বা শেষ ১০ মাসের গড় বেতনের ৫০ শতাংশ পেনশন দেওয়া হয়। কর্মচারী সংগঠনগুলির দাবি, এটিকে বাড়িয়ে ৬৭% করতে হবে। পাশাপাশি একটি সংসদীয় স্থায়ী কমিটির আগের সুপারিশকে হাতিয়ার করে প্রস্তাবে বলা হয়েছে, অবসরের পর প্রতি পাঁচ বছর অন্তর পেনশনের মূল অংক অতিরিক্ত ৫% বাড়ানো উচিত।

সেক্ষেত্রে যদি সংসদীয় কমিটির এই সুপারিশ অষ্টম বেতন কমিশনে শিলমোহর পায়, তাহলে প্রবীণ পেনশনভোগীদের বয়স অনুযায়ী পেনশনের হার অনেকটাই বৃদ্ধি পাবে। যেমনটা জানা যাচ্ছে—

  • ৬৫ বছর বয়সে পৌঁছলে শেষ বেসিক বেতনের ৭০% পেনশন পাওয়া যাবে।
  • ৭০ বছরে বয়সে পৌঁছলে শেষ বেসিক বেতনের ৭৫% পেনশন পাওয়া যাবে।
  • ৭৫ বছর বয়সে পৌঁছলে শেষ বেসিক বেতনের ৮০% পেনশন পাওয়া যাবে।
  • ৮০ বছর বয়সে পৌঁছলে শেষ বেসিক বেতনের ৮৫% পেনশন পাওয়া যাবে।
  • ৮৫ বছর বয়সে পৌঁছলে শেষ বেসিক বেতনের ৯০% পেনশন পাওয়া যাবে।
  • ৯০ বছর বয়সে পৌঁছলে শেষ বেসিক বেতনের ১০০% পেনশন মিলবে।

আরও পড়ুন: গরমে বাড়বে দক্ষিণবঙ্গে, কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট আবহাওয়া দফতরের

এমনকি সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া আলোচনায় জানা গিয়েছে যে, কমিশন এবং সরকারি স্তরে পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য জোর দেওয়া হচ্ছে। এবার থেকে কেন্দ্রীয় কর্মচারীরা প্রয়োজন এবং পারিবারিক আর্থিক পরিকল্পনার উপর ভিত্তি করে তিনটি পেনশন ব্যবস্থার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে। অর্থাৎ, ওল্ড পেনশন স্কিম, জাতীয় পেনশন স্কিম বা এনপিএস অথবা ইউনিফায়েড পেনশন স্কিমের মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়া যাবে।