গরমে বাড়বে দক্ষিণবঙ্গে, কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট আবহাওয়া দফতরের

Published:

Monsoon Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: জ্যৈষ্ঠের চড়া রোদে কার্যত টেকা দায়, যেমন রোদের তেজ, তেমনই চূড়ান্ত গরমে রীতিমত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ বাসীর (South Bengal)। এদিকে কিছুদিন আগেই ঝড় বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু ফের গরম বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রা কমার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে প্রশ্ন উঠছে কবে বর্ষা (Monsoon Weather Update) ঢুকছে।

ভ্যাপসা গরম আরও বাড়তে পারে

আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের অস্বস্তি রয়েছে বেশ। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি আছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে গরম ও ভ্যাপসা আবহাওয়া আরও বাড়তে পারে। এমতাবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন, বর্ষা কবে আসছে দক্ষিণবঙ্গে? যদিও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ব্যাপারে সুস্পষ্ট কোনও কথা জানায়নি হাওয়া অফিস।

হালকা বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি

আবহাওয়াবিদদের মতে, গরমের দাপট শেষ হয়নি। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর আরও চারদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। অর্থাৎ সপ্তাহজুড়ে গরমের দাপট বেশ বজায় থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হলেও গরম থেকে কিছুতেই স্বস্তি মিলবে না। সাধারণ মানুষকে আরও কয়েক দিন গরমের অস্বস্তির মধ্যে থাকতে হবে। সব মিলিয়ে চলতি সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: MBBS চিকিৎসকের অ্যাকাউন্টে বার্ধক্য, বিধবা ভাতা! কেলোর কীর্তি পশ্চিম মেদিনীপুরে

দক্ষিণবঙ্গে বৃষ্টি যখন কার্যত উধাও হয়ে গিয়ে গরম বাড়ছে, সেই সময় উত্তরবঙ্গে অন্য আবহাওয়া বিরাজ করছে। ঝড়-বৃষ্টি হয়েই চলেছে উত্তরের একাধিক জেলায়। স্বাভাবিকভাবেই তাই তাপমাত্রা সেখানে কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজও ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি সেখানে ৩০-৪০ কিমি বেগে বইবে তুমুল ঝড়।