ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন রুখতে বড় পদক্ষেপ RBI-র

Published:

Reserve Bank of India

সৌভিক মুখার্জী, কলকাতা: কোনও কিছুতেই টাকার (Indian Rupee) দামের পতনে লাগাম টানতে পারছে না কেন্দ্র সরকার। পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়া থেকে ১০ টাকার বেশি পতন হয়েছে ভারতীয় টাকার দাম। এরই মধ্যে জল্পনা চলছিল, এবার হয়তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) সুদের হার বাড়িয়ে টাকাকে ছন্দে ফেরাবে। টাকার পতন রুখার জন্য সকলের নজর ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের উপরেই। তবে এবার এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন আরবিআই-র গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। তিনি স্পষ্ট জানিয়েছেন, ডলারের সাপেক্ষে টাকা দাম রুখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।

বড় পদক্ষেপ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের

টাকার দামে ছন্দ ফেরানোর জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানালেও নির্দিষ্টভাবে গভর্নর জানাননি যে সুদ বৃদ্ধি করা হবে নাকি অন্য কোনও পদক্ষেপ। তিনি বলেছেন, ঋণনীতি পর্যালোচনা করে মূল্যবৃদ্ধি ঠেকাতে পারলেই দেশের অর্থনীতিতে জোয়ার আসবে, এবং ভারতীয় মুদ্রার পতন বন্ধ হবে। বাণিজ্য ঘাটতিকেও তিনি এই তালিকায় রেখেছেন। এমনকি রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্য ঘাটতি কমানোর ব্যবস্থাও শুরু করেছে বলে সূত্রের খবর। পাশাপাশি দেশের ভেতরেই বিদেশী মুদ্রার আমদানি এবং লগ্নি বৃদ্ধির পরিবেশ আরও উন্নত করা হচ্ছে।

না বললেই নয়, সম্প্রতি ভারতীয় টাকা দাম ডলারের বিপরীতে ৯৭ এর রেকর্ড স্তর ছুঁয়ে ফেলেছিল। তবে সামগ্রিকভাবে আবার দু’দিন কিছুটা দাম বেড়েছে টাকার। যদিও আজ আবারও দাম কমেছে। গতকালের সেশনে দাম ছিল ৯৫.২৫ টাকা। তবে আজ প্রতিবেদন লেখা পর্যন্ত দাম রয়েছে ডলার পিছু ৯৫.৬৯ টাকা, যা যথেষ্ট উদ্বেগের কারণ। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিরতি নিয়ে অনিশ্চয়তার কারণেই ডলারের দাম বাড়ছে। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল আমদানি করতে হয়, সেই কারণে বেশি পরিমাণে ডলার খরচ করতে হচ্ছে এবং টাকার উপরেই চাপ পড়ছে। সে সূত্রে সকলের নজর ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দিকে।

আরও পড়ুন: সব মহিলারা পাবে না সরকারি বাসে ফ্রিতে ভ্রমণের সুবিধা! জানালেন মুখ্যমন্ত্রী

যদিও মাঝে খবর পাওয়া যাচ্ছিল যে, বিদেশীদের থেকে এবার ডলার টানার ব্যবস্থা করতে পারে আরবিআই। এমনকি ডলার আমানত, ডলার সংগ্রহের ঋণপত্র  সহ বিভিন্ন প্রকল্প আনা হতে পারে। তবে মালহোত্রা জানিয়েছেন, এ বিষয়ে তাদের হাতে অনেক হাতিয়ার রয়েছে। সেগুলোকে কাজে লাগানো হবে। তিনি বলেছেন, ভারতীয় মুদ্রার দামকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চান না। দাম স্বাভাবিকভাবে ওঠানামা করাটাই শ্রেয়। এমনকি তাঁর আরো সংযোজন, গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডলারের সাপেক্ষে টাকার দাম ৬% তলানিতে ঠেকেছে। তাই আমরা টাকাকে নির্দিষ্ট দামে না ফেরাতে পারলেও ছন্দে ফেরানোর জন্য যা যা প্রয়োজন তা তা করব।