অনন্যা সরকার, কলকাতা: বেশিরভাগ মানুষই তাঁদের সঞ্চয় এমন জায়গায় জমা রাখতে বা বিনিয়োগ করতে চান, যেখানে তাদের অর্থ সুরক্ষিতও থাকবে এবং ভালো রিটার্নও মিলবে। তাঁদের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট (Post Office Time Deposit Scheme) স্কিমটি চমৎকার বিকল্প হতে পারে। এটিকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিটও বলা হয়। যেহেতু এই স্কিমটি ভারতীয় ডাক বিভাগের (India Post), তাই এর সুদের হার কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে এবং সুদের হার প্রতি ত্রৈমাসিকে গণনা হয়। বিনিয়োগের মেয়াদের ওপর নির্ভর করে সুদের হার বদলায়। বিভিন্ন মেয়াদে পোস্ট অফিস টাইম ডিপোজিটে কত সুদ মেলে, আসুন জেনে নেওয়া যাক।
১ থেকে ৫ বছরের মেয়াদে পোস্ট অফিস টিডি স্কিমে টাকা রাখলে কত রিটার্ন পাওয়া যায়?
১ বছরের মেয়াদে – যদি বিনিয়োগকারী পোস্ট অফিসের ১ বছরের টিডি-তে ৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি বার্ষিক ৬.৯% ইন্টারেস্ট রেটের সাথে প্রায় ৩৫,৪০৩ টাকা সুদ পাবেন। সুতরাং, মেয়াদপূর্তিতে প্রায় ৫৩৫,৪০৩ টাকা রিটার্ন মিলবে।
২-বছর মেয়াদে – যদি ২ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে ৭% বার্ষিক সুদের হারে প্রায় ৭৪,৪৪১ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ মেয়াদপূর্তিতে মিলবে প্রায় ৫,৭৪,৪৪১ টাকা।
আরও পড়ুন: “প্রতি বিধানসভায় ১০০ অটোরিকশা, টাটা ম্যাজিক গাড়ি…”, বেকারদের কর্মসংস্থানে বড় ঘোষণা
৩ বছরের মেয়াদে – পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৭.১% সুদের হারের সাথে প্রায় ১,১৭,৫৩৮ টাকা সুদ মিলবে এবং মেয়াদপূর্তিতে প্রায় ৬,১৭,৫৩৮ টাকা পাওয়া যাবে।
৫ বছরের মেয়াদে – বার্ষিক ৭.৫% সুদের হারে ৫ বছরের জন্য পোস্ট অফিস টিডি-তে ৫ লক্ষ টাকা জমা করলে প্রায় ২,২৪,৯৭৪ টাকা সুদ পাওয়া যাবে। সুতরাং, মেয়াদপূর্তি হলে প্রায় ৭,২৪,৯৭৪ টাকা পাওয়া যাবে।
জানিয়ে রাখি, ন্যূনতম ১,০০০ টাকা দিয়েও পোস্ট অফিসে গিয়ে একটি টিডি অ্যাকাউন্ট খোলা যায় এবং এরপর ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। সুদ প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে গণনা করা হয় এবং সুদ প্রতি বছর প্রদান করা হয়। এই বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। গ্রাহকদের ইচ্ছামতো বার্ষিক সুদ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে।
আরও পড়ুন: ১৯৭৬-এ এই শেয়ারে একবার ১,০০০ টাকা রাখলে আজ পেতেন ৭২০ কোটিরও বেশি
উল্লেখযোগ্যভাবে, পোস্ট অফিসের সমস্ত টাইম ডিপোজিটে কর সাশ্রয়ের সুবিধা মেলে না। আয়কর আইনের ৮০সি-ধারার অধীনে শুধুমাত্র ৫ বছরের মেয়াদের টিডি-তে বিনিয়োগ করলে নির্ধারিত সীমা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এছাড়া, কেউ যদি মেয়াদপূর্তির আগে টাকা তুলতে চান, তার জন্যও কিছু নিয়ম রয়েছে। সাধারণত, ছয় মাস পূর্ণ করার আগে জমা রাখা টাকা তোলা যায় না। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, ১, ২ ও ৩ বছরের টিডি মেয়াদপূর্তির আগে বন্ধ করতে চাইলে সুদের পরিমাণ কমে যাবে। তবে, ৫ বছর মেয়াদের টিডি সাধারণত ৪ বছর শেষ হওয়ার আগে বন্ধ করা যায় না। যদি কোনো গ্রাহক মেয়াদপূর্তির আগে বন্ধ করেন তাহলে, তাঁকে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হবে। যেকোনো ধরনের বিনিয়োগের আগেই এর সুদের হার, মেয়াদ এবং মেয়াদপূর্তির আগে টাকা তোলার নিয়মগুলি সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া উচিত।










