অনন্যা সরকার, কলকাতা: কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে রাজ্য পরিবহন দফতর। বেকার যুবকদের (Unemployed Youths) সরকারের তরফে অটোরিকশা (Auto Rickshaw) ও টাটা ম্যাজিক গাড়ির (Tata Magic) পারমিট দেওয়া হবে, যাতে তারা সেগুলি চালিয়ে অর্থ উপার্জন করতে পারেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর পরিবহন ব্যবস্থার উন্নতিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, রাস্তায় টোটোর দৌরাত্ম্য কমাতেও বিশেষভাবে তৎপর হয়েছে সরকার। রাজ্য ও জাতীয় সড়কে টোটো চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবহন মন্ত্রী সম্প্রতি ঘোষণা করেন যে, টোটোগুলিকে ই-রিক্সায় রূপান্তরের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তাদের অটোরিকশা ও ম্যাজিক গাড়ির অফিশিয়াল পারমিট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে সরকার
পরিবহন মন্ত্রী অর্জুন সিং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রতিটি বিধানসভা এলাকায় ১০০টি অটোরিকশা এবং ১০০টি টাটা ম্যাজিক গাড়ির পারমিট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, যে সমস্ত বেকার যুবকদের শিক্ষাগত যোগ্যতা কম, তাদের পরিবহন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সরকার এই নিয়ে চিন্তা ভাবনা করছে।
আরও পড়ুনঃ মহালয়ার আগেই রাস্তার হাল ফেরাতে মরিয়া সরকার, বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর
পাশাপাশি পরিবহন মন্ত্রী জানিয়েছেন যে, যেসমস্ত টোটোগুলি এখন রাস্তার চলাচল করছে, সেগুলির বৈধ রেজিস্ট্রেশন নেই। পুরসভাগুলি যে রেজিস্ট্রেশন দিয়েছে সেগুলি কতটা আইনসঙ্গত তাই নিয়েও প্রশ্ন তোলেন পরিবহন মন্ত্রী। তিনি টোটোর মালিকদের ই-রিক্সায় রূপান্তরিত হওয়ার পরামর্শ দেন। তবে ই-রিক্সার চলাচলও নিয়ন্ত্রণে রাখবে সরকার এবং নির্দিষ্ট রুটে সীমিত সংখ্যক যানকেই পারমিট দেওয়া হবে।
আরও পড়ুন: হলদিয়া শিল্প সংস্থায় গোটা জেলা থেকে নিয়োগ, বসছে রোজগার মেলা, আজ থেকেই আবেদন
অর্জুন সিং বলেন, বেকার ও স্বল্প শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে প্রশাসন। অষ্টম শ্রেণী পাস করলেই প্রতি বিধানসভা এলাকায় ১০০টি করে অটোরিক্সা এবং ১০০টি করে টাটা ম্যাজিক গাড়ির পারমিট দেওয়া হবে বেকার যুবকদের।










