শীতকালে সুস্বাদু স্যুপ বানানোর সহজ উপায়

Published:

soup

আনিষা চৌধুরী, কলকাতা: শীতকাল মানেই সন্ধ্যার দিকে এক কাপ গরম চা বা কফি। তবে এই মরশুমে স্বাদ বদলাতে এবং পেট ভরাতে চা কফির বদলে গরম গরম স্যুপ (Soup) হলে মন্দ হয় না। বাইরে থেকে স্যুপ কিনে খাওয়ার বদলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন নানা ধরনের সুস্বাদু পদ। খুব বেশি উপকরণ বা ঝামেলার প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলা সম্ভব স্বাস্থ্যকর ও সুস্বাদু স্যুপ (Soup)। রইল এমনই পাঁচটি সহজ রেসিপি।

১. মিক্সড ভেজিটেবল স্যুপ

শীতের মরশুমে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এই স্যুপ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। স্বাদ ও পুষ্টি দুটোই বজায় রাখতে এতে ব্যবহার করতে পারেন পছন্দের মরশুমি সবজি।

উপকরণ:

  • ১টি ছোট গাজর কুচি
  • ৫-৬টি বিনস কুচি
  • আধ কাপ বাঁধাকপি কুচি
  • ২ টেবিল চামচ মটরশুঁটি
  • ২ টেবিল চামচ সুইট কর্ন
  • ১ চা চামচ আদা-রসুন কুচি
  • ১ টেবিল চামচ মাখন বা তেল
  • স্বাদমতো নুন ও গোলমরিচ
  • ২ কাপ জল বা ভেজিটেবল স্টক

প্রণালী:

প্রথমে একটি পাত্রে মাখন বা তেল গরম করে আদা-রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার একে একে গাজর, বিনস, বাঁধাকপি, মটরশুঁটি ও সুইট কর্ন দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। এরপর জল বা ভেজিটেবল স্টক ঢেলে দিন। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। সবশেষে নুন ও গোলমরিচ মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

২. টমেটো স্যুপ

রেস্তরাঁর মতো টমেটো স্যুপ বাড়িতেও সহজে তৈরি করা যায়। টক-মিষ্টি স্বাদের এই স্যুপের সঙ্গে টোস্ট বা ছোট ছোট ব্রেড ক্রুটন পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।

উপকরণ:

  • ৪-৫টি পাকা টমেটো
  • ১টি মাঝারি পেঁয়াজ
  • ৩-৪ কোয়া রসুন
  • ১ টেবিল চামচ মাখন
  • আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • স্বাদমতো নুন
  • সামান্য চিনি
  • ১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম (ঐচ্ছিক)

প্রণালী:

প্রথমে টমেটো কেটে পেঁয়াজ ও রসুনের সঙ্গে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে মিক্সারে ভালো করে পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি ছেঁকে একটি পাত্রে ঢালুন। অন্যদিকে পাত্রে মাখন গরম করে টমেটোর মিশ্রণটি দিয়ে দিন। প্রয়োজনমতো জল, নুন, গোলমরিচ ও সামান্য চিনি মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। চাইলে শেষে ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন।

৩. সুইট কর্ন স্যুপ

যাঁরা একটু মিষ্টি স্বাদের স্যুপ পছন্দ করেন, তাঁদের জন্য সুইট কর্ন স্যুপের জুড়ি মেলা ভার। খুব অল্প সময়েই এটি তৈরি করা যায়। চাইলে এতে আরও কয়েক ধরনের সবজি যোগ করতে পারেন।

উপকরণ:

  • ১ কাপ সুইট কর্ন
  • ১টি ছোট গাজর কুচি
  • ২ টেবিল চামচ বিনস কুচি
  • ১টি ছোট পেঁয়াজ কুচি
  • ১ চা চামচ রসুন কুচি
  • ১ টেবিল চামচ মাখন
  • ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  • ২ কাপ জল
  • স্বাদমতো নুন ও গোলমরিচ
  • সামান্য স্প্রিং অনিয়ন

প্রণালী:

প্রথমে সুইট কর্নের অর্ধেক অংশ সামান্য জল দিয়ে মিক্সারে পেস্ট করে নিন। এবার পাত্রে মাখন গরম করে রসুন ও পেঁয়াজ ভেজে নিন। এরপর গাজর, বিনস এবং বাকি গোটা সুইট কর্ন দিয়ে নাড়াচাড়া করুন। জল ঢেলে সবজি সেদ্ধ হতে দিন। এবার কর্নের পেস্ট মিশিয়ে দিন। আলাদা পাত্রে কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে স্যুপে মেশান। কিছুক্ষণ নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নুন, গোলমরিচ ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন।

৪. মাশরুম স্যুপ

যাঁরা ক্রিমি ও ঘন স্বাদের স্যুপ খেতে ভালোবাসেন, তাঁরা একবার মাশরুম স্যুপ বানিয়ে দেখতে পারেন। মাশরুমের নিজস্ব স্বাদ এবং গোলমরিচের ঝাঁঝ এই পদটির স্বাদকে স্বর্গীয় করে তোলে।

উপকরণ:

  • ২০০ গ্রাম মাশরুম
  • ১টি মাঝারি পেঁয়াজ কুচি
  • ১ টেবিল চামচ মাখন
  • ১ কাপ দুধ
  • ১ চা চামচ ময়দা
  • ১ কাপ জল বা ভেজিটেবল স্টক
  • স্বাদমতো নুন ও গোলমরিচ
  • ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম (ঐচ্ছিক)

প্রণালী:

প্রথমে মাশরুম ভালো করে পরিষ্কার করে পাতলা করে কেটে নিন। একটি পাত্রে মাখন গরম করে পেঁয়াজ ও মাশরুম ভেজে নিন। মাশরুম নরম হয়ে এলে সামান্য অংশ তুলে রেখে বাকিটা মিক্সারে পেস্ট করে নিন। এবার পাত্রে ময়দা দিয়ে অল্প আঁচে নাড়ুন। ধীরে ধীরে দুধ ও জল ঢেলে মিশিয়ে নিন। এরপর মাশরুমের পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকুন। নুন ও গোলমরিচ মিশিয়ে স্যুপ ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে তুলে রাখা মাশরুম ও ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন।

৫. চিকেন স্যুপ

আমিষপ্রেমীদের জন্য চিকেন স্যুপ হতে পারে শীতের সন্ধ্যার অন্যতম পছন্দের পদ। চিকেনের সঙ্গে কয়েকটি সবজি ও হালকা মশলা মিশিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু এই স্যুপ।

উপকরণ:

  • ১৫০ গ্রাম হাড়ছাড়া চিকেন
  • ১টি ছোট গাজর কুচি
  • ২ টেবিল চামচ বিনস কুচি
  • ১টি ছোট পেঁয়াজ কুচি
  • ২ কোয়া রসুন কুচি
  • আধ চা চামচ আদা কুচি
  • ১ টেবিল চামচ তেল
  • ৩ কাপ জল বা চিকেন স্টক
  • স্বাদমতো নুন ও গোলমরিচ
  • সামান্য স্প্রিং অনিয়ন

প্রণালী:

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে ছোট টুকরো করে নিন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন হালকা ভেজে নিন। এবার চিকেনের টুকরোগুলি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর গাজর, বিনস এবং জল বা চিকেন স্টক ঢেলে দিন। চিকেন ও সবজি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। চিকেন সেদ্ধ হয়ে গেলে চাইলে কাঁটাচামচ দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। সবশেষে নুন, গোলমরিচ ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন: শীতে কড়াইশুঁটির কচুরি বানানোর সহজ উপায়

স্যুপের স্বাদ বাড়াতে সবজি বা চিকেন রান্নার সময় আদা, রসুন ও গোলমরিচ ব্যবহার করতে পারেন। খুব বেশি কর্নফ্লাওয়ার বা ক্রিম না দিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাই ভালো। পাশাপাশি স্যুপের সঙ্গে টোস্ট, গার্লিক ব্রেড কিংবা ক্রুটন পরিবেশন করলে বিকেলের জলখাবারও হয়ে উঠবে আরও জমজমাট।

google button