বাড়িতে সহজেই করুন মাশরুম চাষ, টব বা গ্রো ব্যাগে কীভাবে করবেন শুরু?

Published:

Mushroom Farming

অনন্যা সরকার, কলকাতা: মাশরুম সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি খাদ্য উপাদান, যা দিয়ে নানা ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায়। অনেকেই মনে করেন মাশরুম চাষের (Mushroom Farming) জন্য বড় ফার্ম বা বাগানের প্রয়োজন হয়। তবে মাশরুম ফলানো মোটেও তেমন কঠিন কাজ না। সঠিক পদ্ধতি মানলে এবং সামান্য যত্ন নিলে বাড়িতেই টব বা গ্রো ব্যাগে সহজেই মাশরুম চাষ করা যায়। চাষের জন্য কী কী উপকরণ লাগবে, কীভাবে তৈরি করবেন গ্রো ব্যাগ – আসুন সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

প্রয়োজনীয় উপকরণ ও চাষের পদ্ধতি

মাশরুম চাষের জন্য প্রয়োজন হবে গমের খড় বা শুকনো ঘাস, ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার,  ভালোভাবে পচানো গোবর সার, মাশরুমের স্পন (বীজ), টব বা গ্রো ব্যাগ এবং জল। প্রথমে গমের খড়গুলো ভালোভাবে জলে ভিজিয়ে নিতে হবে, যাতে ধুলোবালি বা ময়লা দূর হয়ে যায়। এরপর অতিরিক্ত জল ঝরিয়ে ফেলতে হবে, যাতে খড়গুলো ভেজা থাকলেও জলের পরিমাণ বেশি না হয়। 

এরপর খড়ের সাথে ভার্মিকম্পোস্ট বা ভালোভাবে পচে যাওয়া গোবর সার মিশিয়ে নিতে হবে। মাশরুম চাষের জন্য শুধু জৈব সারই যথেষ্ট। প্রস্তুত করা মিশ্রণটি টব বা গ্রো ব্যাগে ভরে ফেলতে হবে। তারপর মাশরুমের স্পনগুলো স্তরে স্তরে ছড়িয়ে দিতে হবে এবং প্রতিটি স্তরকে আবার মিশ্রণটি দিয়ে ঢেকে ফেলতে হবে। খেয়াল রাখতে  হবে যেন স্পনগুলো পুরোপুরি ঢাকা থাকে।

আরও পড়ুন: বালতির মধ্যেই করা যাবে কলমি শাকের চাষ, জেনে নিন সহজ পদ্ধতি

মাশরুমের জন্য সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না, তাই টবগুলো কোনো শীতল ও ছায়া ঘেরা স্থানে রাখতে হবে। আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজন অনুযায়ী স্প্রে বোতলের সাহায্যে জল ছিটিয়ে মাটি আর্দ্র রাখতে হবে। সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা পেলে ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই মাশরুম গজাতে শুরু করবে। মাশরুম পুরোপুরি বড় হয়ে গেলে সেগুলো সংগ্রহ করা যাবে।

অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টি বাড়িতে মাশরুম চাষের জন্য সবচেয়ে উপযোগী। এই সময়ে তাপমাত্রা তুলনামূলক কম থাকে, যা মাশরুমের বৃদ্ধির জন্য অনুকূল। তবে খেয়াল রাখতে হবে যেন টবে জল জমে না থাকে, অতিরিক্ত জল না দিয়ে কেবল প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে হবে। মাশরুমগুলোকে সবসময় ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এছাড়া, পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দিতে হবে।

google button