বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা একবারে না তুলে প্রয়োজন মতো মাসে মাসে বা নির্দিষ্ট সময় অন্তর তুলতে পারবেন কর্মীরা। আর এই প্রস্তাবিত ব্যবস্থায় টাকা করমুক্ত রাখতে আয়কর আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মর্মে, অর্থ মন্ত্রকের সাথে আলোচনা করেছে শ্রম মন্ত্রক। এক কথায় বলাই যায়, অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেও দিতে হবে না কর! যা কর্মীদের জন্য নিঃসন্দেহে সুখবর।
প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেও দিতে হবে না কর!
সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিসের 240তম বৈঠকে অবসরপ্রাপ্ত সদস্যদের সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান চালু করার প্রস্তাব অনুমোদন পেয়েছে। আর এই প্রস্তাবের আওতায় অবসরপ্রাপ্ত কর্মীরা নিজেদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ একবারে না তুলে মাসে মাসে বা বিভিন্ন উপায়ে কিস্তিতে নিতে পারবেন। এই নিয়মে PF অ্যাকাউন্টে পড়ে থাকা অর্থের উপর মিলবে সুদও।
EPFO জানিয়েছে, কিস্তিতে টাকা তোলার ক্ষেত্রে কর ছাড় নিশ্চিত করার জন্য আয়কর আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে বর্তমানে অবসরের পর কর্মী-নিয়োগকর্তার সম্পর্ক না থাকায় কর ছাড়ের নিয়ম নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই PF সদস্য হিসেবে থাকার সময় SWP-এর মাধ্যমে তোলা অর্থকে কর ছাড়ের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কাজেই প্রয়োজনীয় আইন সংশোধনের পর অনুমোদন পাওয়া গেলেই টাকা তোলার ক্ষেত্রে কর ছাড়ের নিয়ম কার্যকর হয়ে যাবে বলেই আশা করা যায়।
আরও পড়ুন: ‘ভারত টুকরো টুকরো হয়ে যাবে’ হুমকি দিলেন বাংলাদেশের আজিজুল
প্রসঙ্গত, PF থেকে টাকা তোলার নিয়মেও আনা হয়েছে বদল। EPFO-র সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে রেখে দেওয়া অর্থের পরিমাণ 25 শতাংশ থেকে কমিয়ে 10 শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর অর্থ নির্দিষ্ট শর্তে প্রয়োজন অনুযায়ী একজন কর্মী নিজের অ্যাকাউন্ট থেকে 90 শতাংশ অর্থই তুলে নিতে পারবেন। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের সম্পূর্ণ অর্থ তোলার নির্দিষ্ট সময়সীমা 12 মাস থেকে কমিয়ে 2 মাস করার সিদ্ধান্ত নিয়েছে EPFO।


