মাত্র ৮ বছরেই ১৫ হাজার ফুট ছোঁয়া, নজির গড়ল আসানসোলের অর্ণব

Published:

trekking

আনিষা চৌধুরী, কলকাতা: পাহাড়ের টানে ট্রেকিং করতে ভালোবাসেন বহু মানুষ। প্রকৃতির কাছাকাছি পৌঁছনো, পাহাড়ি পথ ধরে এগিয়ে চলা, চারপাশের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা, সব মিলিয়ে ট্রেকিংয়ের রোমাঞ্চই আলাদা। তবে রোমাঞ্চকর এই অভিযানের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে অজানা বিপদ। দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া এবং অক্সিজেনের অভাব, সবকিছুর সঙ্গেই লড়াই করতে হয় ট্রেকারদের। সেই কঠিন চ্যালেঞ্জের পথেই এবার নজর কাড়ল মাত্র আট বছরের এক খুদে। পশ্চিম সিকিমের ভারত-নেপাল সীমান্তবর্তী সিঙ্গালিলা রেঞ্জের প্রায় ১৫ হাজার ফুট উচ্চতার দাফেভির পাসে পৌঁছে গেল বারাবনি (Barabani) ব্লকের অর্ণব কর্মকার (Arnab Karmakar)।

৮ বছরেই পাহাড় জয়

আসানসোলের দোহোমনি বাজার এলাকার বাসিন্দা অর্ণব কর্মকার। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সে। মাত্র আট বছর বয়সেই জীবনের প্রথম ট্রেকিংয়ে এমন অসাধ্যসাধন করেছে অর্ণব। পশ্চিম সিকিমের গোচালা রাউন্ড ট্রেক রুটের অন্তর্গত দাফেভির পাসের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছেছে সে। সাধারণত ট্রেকিংয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন মানুষরাই এই দুর্গম পথে যাওয়ার সাহস দেখান। সেখানে প্রথম অভিযানেই এতটা পথ পেরিয়ে অর্ণবের এই সাফল্য নজর কেড়েছে বহু মানুষের।

তবে ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল অর্ণবের। শরীরচর্চার অংশ হিসেবে কয়েক বছর আগে ছেলেকে সাইকেল কিনে দিয়েছিলেন বাবা ছোটন কর্মকার। সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতাতেও অংশ নিতে শুরু করে সে। দুর্গাপুর, বোলপুর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিতেছে অর্ণব। এরপর গত এক বছর ধরে ছেলেকে ট্রেকিংয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বাবা। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয় নভেম্বর মাসে।

বাবা ছোটন কর্মকার ও মা তুলিকা কর্মকারের সঙ্গে ৭ নভেম্বর সিকিমের উদ্দেশে রওনা দেয় অর্ণব। একটি সংস্থার মাধ্যমে শুরু হয় তাঁদের ১১ দিনের ট্রেকিং অভিযান। যাত্রাপথে চোংরি, ইয়ামবং, লামপোখরি, লামুনে, সমিতি লেক ও গোচালা ভিউ পয়েন্ট পেরিয়ে কোকচুরাংয়ে পৌঁছয় পরিবারটি। ১৮ নভেম্বর ইয়ুকসমে ফিরে আসেন তাঁরা। অর্ণবের বাবা জানিয়েছেন, পুরো ১১ দিনের যাত্রায় একবারের জন্যও সমস্যায় পড়তে হয়নি ছেলেকে। বরং অনেক জায়গাতেই বাবা-মায়ের আগেই গন্তব্যে পৌঁছে গিয়েছে সে। নিজের প্রথম ট্রেকিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অর্ণবের কথায়, ‘চার দিকে শুধুই পাহাড়। কত পাখির ডাক। নাম জানি না। কত ধরনের পাহাড়ি গাছ। বরফে হাঁটতে দারুণ লাগছিল।’

আরও পড়ুন: প্রতিদিন ২০০ পথকুকুরকে খাওয়ান পরিচারিকা, অবলাদের জন্য বিক্রি করেছেন নিজের সোনাও

অবশ্য ছেলেকে এমন কঠিন অভিযানে নিয়ে যাওয়ার আগে যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন কর্মকার দম্পতি। নিয়মিত হাঁটা, জগিং ও যোগব্যায়ামের মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্ণবের খাবারের দিকেও বিশেষ নজর দিয়েছিলেন তাঁরা। অনেক বাবা-মা সন্তান পড়ে গেলে চোট লাগতে পারে, ব্যথা পেতে পারে, এই আশঙ্কায় তাদের বাড়ির মধ্যেই আটকে রাখেন। প্রকৃতির সঙ্গে মিশতে বা নতুন কিছু চেষ্টা করতে উৎসাহ দেন না। তবে অর্ণবের বাবা-মা ভয়কে একমাত্র বাধা হতে দেননি। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ছেলেকে নতুন অভিজ্ঞতার পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তাঁদের উৎসাহ ও সহযোগিতাতেই মাত্র আট বছর বয়সে এমন এক স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হলো ছোট্ট অর্ণব।

google button