আনিষা চৌধুরী, কলকাতা: অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা থাকলে যে কোনও কঠিন পরিস্থিতিতেই তাদের পাশে দাঁড়ানো সম্ভব। অসহায় পথকুকুরদের (Stray Dog) সাহায্য করতে গেলে শুধু হাজার হাজার টাকার প্রয়োজন হয় না, দরকার হয় ইচ্ছাশক্তি, মানসিকতা এবং অপরিসীম করুণা। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন চেন্নাইয়ের (Chennai) পেরুঙ্গুড়ির ৪৫ বছর বয়সি এম. ভাল্লি। নিজের সীমিত সামর্থ্য নিয়েই প্রতিদিন প্রায় ২০০টি পথকুকুরের খাবার ও দেখাশোনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পেরুঙ্গুড়িতে ৩৫টি পথকুকুরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে তাদের প্রকৃত মা হয়ে উঠেছেন এই মহিলা।
অবলাদের মুখে খাবার তুলে দিতে অক্লান্ত পরিশ্রম
প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকেই শুরু হয় ভাল্লির লড়াই। প্রথমে প্রায় এক ঘণ্টা ধরে পরিষ্কার করেন বাড়ি। এরপর বিভিন্ন এলাকায় থাকা পথকুকুরদের দেখভাল করতে বেরিয়ে পড়েন। দুপুরের মধ্যে বাড়ি ফিরে প্রায় ১৭০টি কুকুরের জন্য খাবার তৈরি করেন তিনি। ১৫ কেজি চালের সঙ্গে ২৫ কেজি মুরগির হাড় মিশিয়ে রান্না করা হয় সেই খাবার। পাশাপাশি তিরুভানমিয়ুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পেট ফুড ব্যাঙ্ক থেকে আরও ১৫ কেজি খাবার সংগ্রহ করেন তিনি। সেই খাবার দিয়ে অতিরিক্ত ৩০টি কুকুরের পেট ভরে। নিজের গোলাপি অটোয় খাবার তুলে তার পর তারামণি ও পেরুঙ্গুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুকুরদের খাওয়ান ভাল্লি।
তবে শুধু খাবার জোগাড় করাই নয়, এই প্রাণীদের চিকিৎসা এবং বন্ধ্যাকরণের ব্যবস্থাও করেন তিনি। বাসিন্দাদের কাছ থেকে বন্ধ্যাকরণের খরচের সাহায্য পেলে অসহায় কুকুরদের নিয়ে আদিয়ার, আক্করাই এবং বেসান্ত নগরের বেসরকারি পশু চিকিৎসাকেন্দ্রে পৌঁছে যান। ছোটবেলা থেকেই কুকুরদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি, যাতে বড় হওয়ার পর সহজেই তাদের নিয়ে যাওয়া যায়। এখনও পর্যন্ত প্রায় ৮০০টি কুকুরের বন্ধ্যাকরণে সাহায্য করেছেন ভাল্লি। প্রাণীদের পরিচর্যা করতে গিয়ে পারভোভাইরাস ও ক্যানাইন ডিস্টেম্পারের মতো রোগ সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। কোনও প্রথাগত শিক্ষা না থাকলেও পশুপ্রেমী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে শিখেছেন অনেক কিছু।
ভাল্লির এই লড়াইয়ের পিছনে রয়েছে এক গভীর আবেগ। প্রায় ১৫ বছর আগে তাঁর দ্বিতীয় ছেলে একটি পথকুকুরকে বাড়িতে নিয়ে এসেছিল। অসুস্থ হয়ে সেই কুকুরটির মৃত্যু হয়। পরে তাঁদের বাড়িতে আসে একটি রটওয়াইলার। সেটিও অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভাল্লির কোলেই তার মৃত্যু হয়। সেই ঘটনা তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এরপর রাস্তায় কোনও কুকুরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলে কিংবা অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখলে আর নিজেকে সরিয়ে রাখতে পারেননা তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কুকুরদের পরিচর্যা নিয়ে মতের অমিল হওয়ায় প্রায় আড়াই বছর আগে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ভাল্লি। বর্তমানে ৩৫টি কুকুরকে নিয়েই তাঁর সংসার।
অন্যদিকে, এই বিপুল দায়িত্ব সামলাতে গিয়ে প্রতিনিয়ত আর্থিক সমস্যার মুখেও পড়তে হয় তাঁকে। মাসে তাঁর আয় মাত্র ৯,০০০ টাকা, যার মধ্যে ৬,০০০ টাকাই চলে যায় বাড়িভাড়ায়। প্রতি দু’মাস অন্তর ১২ হাজার লিটারের জলের ট্যাঙ্কার কিনতে খরচ হয় প্রায় ২,০০০ টাকা। সংস্থার মালিকের কাছ থেকেও ধার নিতে হয় তাঁকে। এমনকি কুকুরদের খাবারের ব্যবস্থা করতে নিজের পাঁচ থেকে ছয় ভরি সোনার গয়নাও বিক্রি করেছেন। বাড়তি কিছু টাকা জোগাড় করতে প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করে বিক্রি করেন। বিকেল সাড়ে ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত পরিচারিকার কাজ করার পর বাড়ি ফিরে আবার কুকুরদের খাওয়ান। শরীরের ব্যথা, ক্লান্তি কিংবা নিজের যত্ন নেওয়ার অভাব কোনও কিছুই তাঁর দায়িত্ববোধকে থামাতে পারেনি। আগামী দিনেও আরও বেশি সময় বন্ধ্যাকরণের কাজে দিতে চান তিনি, যাতে তাঁর প্রিয় প্রাণীগুলিকে অসুস্থতা ও যন্ত্রণা থেকে কিছুটা হলেও রক্ষা করা যায়।


