রাজ্যের মাদ্রাসায় আর জুম্মাবারে ছুটি নয়, কড়া নির্দেশিকা সরকারের

Published:

Madrasa

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে প্রশাসনিক পরিকাঠামো, শিক্ষাক্ষেত্র বা অন্যান্য খাতে একাধিক বদল এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি (Madrasa) বন্ধ করা হবে। তবে এবার মাদ্রাসার ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার জুম্মা দিবস উপলক্ষে এবার আর মিলবে না মাদ্রাসায় ছুটি। নিয়ম মতো রবিবারেই ছুটি দিতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

মাদ্রাসার ছুটির ক্ষেত্রে নতুন নির্দেশিকা সরকারের

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একাধিক বদল আনছে সরকার। সিলেবাসের পাশাপাশি স্কুল ফি, ইউনিফর্মের ক্ষেত্রেও আনা হচ্ছে বিভিন্ন পরিবর্তন। তবে এবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আর জুম্মাবার অর্থাৎ শুক্রবারে ছুটি দেওয়া হবে না। নির্ধারিত নিয়ম অনুযায়ী রবিবারই থাকবে সপ্তাহিক ছুটি। আর অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র রবিবার অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ছুটি থাকবে। কারণ, অনেক মাদ্রাসা রবিবার খোলা রেখে শুক্রবার জুম্মাবারের জন্য ছুটি দেওয়া হতো। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক পঠনপাঠন চালু রাখতে হবে। এমনকি প্রশাসনিক কাজকর্ম চালু থাকবে। ধর্মীয় ছুটি বা প্রশাসনিক ছুটির ক্ষেত্রে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একই নিয়ম কার্যকর হবে।

আরও পড়ুন: আরও বিপাকে তৃণমূল কংগ্রেস, সিল করে দেওয়া হল দলীয় ভবন

আসলে শুক্রবার ইসলাম ধর্মে নামাজ এবং বিশেষ প্রার্থনার জন্যই মাদ্রাসাগুলিতে ছুটি দেওয়া হতো। তার বদলে রবিবার পঠনপাঠন করানো হতো মাদ্রাসায়। এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজ্যের অননুমোদিত মাদ্রাসাগুলি বন্ধ করার নির্দেশ দেয় সরকার। সেগুলিতে সঠিক নথিপত্র না থাকা, উপযুক্ত পরিকাঠামোর অভাব এবং শিক্ষক-শিক্ষিকার ঘাটতির কারণেই রাজ্যের মোট ২৫২টি মাদ্রাসা বন্ধ করা হয়। আর এবার ছুটি নিয়ে জারি করা হল নতুন নির্দেশিকা।

google button