সাতসকালে ভয়ংকর ঘটনা দুর্গাপুরে, বাড়ির সামনে পড়ে অন্তঃসত্ত্বার নিথর দেহ

Published:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালে ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে (Durgapur)। বাড়ির সদর দরজা খুলতেই সামনে পড়ে থাকতে দেখা গেল এক অন্তঃসত্ত্বা মহিলার নিথর দেহ। ভোরবেলা এমন হাড়হিম ঘটনায় (Durgapur Pregnant Woman Death) আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত তাঁতিপাড়া এলাকায়। এখনও মৃত মহিলার পরিচয় জানা যায়নি।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার তাঁতিপাড়া এলাকায়। পেশায় নিরাপত্তারক্ষী শম্ভুনাথবাবু রাতের ডিউটি সেরে ভোর সাড়ে ৬টা নাগাদ বাড়ি ফিরছিলেন। আর তখনই তাঁর চোখে পড়ে দরজার সামনে এক অজ্ঞাতপরিচিত মহিলার দেহ। কাছে গিয়ে বুঝতে পারেন, ওই মহিলা অন্তঃসত্ত্বা। তাঁর পরনের শাড়িও কিছুটা এলোমেলো ছিল। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে দ্রুত পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান।

ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ

স্থানীয় বাসিন্দারাও শম্ভুনাথবাবুর চিৎকার শুনে ঘটনাস্থলে ভিড় জমান। প্রথমে শম্ভুনাথবাবু ওই মহিলার দেহটিকে দেখে ভেবেছিলেন, হয়তো তাঁর মানসিক ভারসাম্যহীন বোন কোনও বিপদে পড়েছেন। সেই আশঙ্কায় স্ত্রী ও ছেলেকে ডাকেন। পরে কাছে গিয়ে বুঝতে পারেন, ওই মহিলা তাঁদের পরিবারের কেউ নন। এরপরই দেরি না করে কোকওভেন থানায় খবর দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এখনও ওই মহিলার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: তৃণমূল আমলে দীর্ঘদিন বন্ধ, বিধায়কের উদ্যোগে খুলছে কাটোয়ার ৭০০ বছরের প্রাচীন মন্দির

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা তাঁতিপাড়ার বাসিন্দা নন। তাহলে কীভাবে তিনি এই এলাকায় এলেন। অনেকের ধারণা ওই মহিলা হয়ত কোনও নির্যাতনের শিকার হয়েছিলেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে আশা করছেন তদন্তকারীরা। আপাতত আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ।

google button