আনিষা চৌধুরী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। একসময় দলের যুব সংগঠনের দায়িত্ব সামলানো এই নেত্রী বর্তমানে তৃণমূল থেকে বেরিয়ে আসা ২০ জন সাংসদের একজন। অন্যদিকে, একই শিবিরে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠানও। এবার সংসদে বড় সুযোগ পেতে চলেছেন তাঁরা। লোকসভায় ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটিতে অংশ নেওয়ার অধিকার পেতে পারেন এই দুই সাংসদ-সহ মোট ২০ জন।
ভোট দেওয়ার অধিকার অব্যাহত
লোকসভা সচিবালয় সূত্রে খবর, এই সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অযোগ্য ঘোষণার আবেদন জমা পড়লেও, স্পিকার আনুষ্ঠানিকভাবে তাঁদের অযোগ্য ঘোষণা করেনি। স্পিকার যতক্ষণ না পর্যন্ত অযোগ্য ঘোষণা করছে, ততক্ষণ ভোটদানে কোনও বাধা নেই। অর্থাৎ, সদস্যপদ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদে ভোট দেওয়ার অধিকার বজায় থাকবে তাঁদের।
সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটি হতে চলেছে। এই বিলের মাধ্যমে লোকসভা ও বিধানসভার আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। আর সেই বিলেই ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন সায়নী ঘোষ, ইউসুফ পাঠান-সহ তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ।
প্রসঙ্গত, ২০২৬ সালের জুন মাসে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের ২০ জন সাংসদ দল ছাড়ার কথা ঘোষণা করেন। এরপর তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানান। এই তালিকায় সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া-সহ একাধিক পরিচিত মুখ রয়েছেন।
এই সাংসদদের দলত্যাগের বিরোধিতা করে তাঁদের সদস্যপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক আবেদন জমা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গত ২৪ নভেম্বর ওই ২০ জন সাংসদ নিজেদের বক্তব্য জানিয়ে স্পিকারের কাছে লিখিত জবাব জমা দিয়েছেন। তাঁদের দাবি, NCPI-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত সংসদীয় বা সাংবিধানিক নিয়মের বিরোধী নয়।
আরও পড়ুন: সাতসকালে ভয়ংকর ঘটনা দুর্গাপুরে, বাড়ির সামনে পড়ে অন্তঃসত্ত্বার নিথর দেহ
এদিকে, ডিলিমিটেশন বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তাই এই ২০ জন সাংসদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও তাঁরা শেষ পর্যন্ত বিলের পক্ষে ভোট দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। বিলের বিষয়বস্তু দেখেই নিজেদের অবস্থান ঠিক করার কথা জানিয়েছেন বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার।


