পোস্ত-কাজুর যুগলবন্দিতে বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Alu Fulkopir Dalna

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে এখন হালকা শীতের মরশুম। আর শীত পড়তে না পড়তেই বাজার দখল করে নিয়েছে ফুলকপি। এই সময় বেশিরভাগ বাঙালি হেঁশেলে ফুলকপির নানা লোভনীয় পদ (Cauliflower Recipes) রান্না হয়ে থাকে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ফুলকপির এক দারুন স্বাদের রেসিপি নিয়ে, আর সেটি হল আলু ফুলকপির ডালনা (Alu Fulkopir Dalna)।

উপকরণ

আলু ফুলকপির ডালনা বাড়ানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- ২টি ছোট মাপের ফুলকপি, মাঝারি আকারে কেটে রাখা আলু, আদার টুকরো, কাঁচা লঙ্কা, দেড় চা চামচ গোটা জিরে, ৩০ গ্রাম পোস্ত, ১০-১৫টি কাজু, নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো বাটা, ১ বাটি সেদ্ধ কড়াইশুঁটি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • ফুলকপি গুলো ভালো করে কেটে সেগুলোকে নুন জলের মধ্যে প্রথমে ভিজিয়ে রাখতে হবে যাতে ভিতরে থাকার সমস্ত পোকামাকর বেরিয়ে আসতে পারে। এরপর একটি ব্লেন্ডারে বেশ কয়েকটি আদার টুকরো, ৫-৬ টি কাঁচালঙ্কা এবং দেড় চা চামচ গোটা জিরে ও সামান্য জল দিয়ে মিহি একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • এরপর আরও একটি বাটি নিয়ে ওর মধ্যে ৩০ গ্রাম পোস্ত, ১০-১৫টি কাজু ও জল নিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি ব্লেন্ডারের সেটির একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। কড়াইতে এবার সাদা তেল গরম করে নিয়ে আলু টুকরো গুলো ভেজে নিতে হবে। এর সঙ্গে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। অবশ্যই এটি লো ফ্লেমে রান্না করে নিতে হবে।
  • আলুগুলো যখন হালকা ভেজে আসবে তখন কেটে রাখা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। ঘড়ি দেখে প্রায় সাত থেকে আট মিনিট ভাজার পর আলাদা একটি পাত্রে আলু এবং ফুলকপি গুলো তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে পেঁয়াজ বাটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটার মধ্যেই এবার আদা কাঁচালঙ্কা বাটা দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না মশলা কষে তেল বেরোচ্ছে।

আরও পড়ুন: হালুয়া বাদ দিন, গাজরের পরোটা খেয়েছেন? বানান এভাবে

  • মশলা কষে এলে এবার স্বাদ অনুযায়ী নুন, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢেলে দিতে হবে টমেটো বাটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণটা পুনরায় কষিয়ে নিতে হবে। ৫-৬ মিনিট পর এবার এই মিশ্রণের মধ্যে কাজু পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে।
  • মশলা যখন ভালোভাবে কষে যাবে তখন গ্রেভির পরিমাণ অনুযায়ী জল নিয়ে সেটিকে ফুটিয়ে নিতে হবে। এই সময় সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি গুলো দিয়ে দিতে হবে। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আলু এবং ফুলকপি ভাজাগুলো দিয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপি ডালনা (Alu Fulkopir Dalna)।
google button