প্রীতি পোদ্দার, কলকাতা: ঠোঁটের (Lip) সৌন্দর্য বরাবরই চেহারার জেল্লা বাড়ায়। কিন্তু এমন অনেকেই আছেন কাজের ব্যস্ততার কারণে ঠোঁটের তেমন যত্ন নিতে পারে না। আর তাতেই সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। আসলে ঠোঁটের ত্বক মুখের ত্বকের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। আর শীতে যেহেতু শুষ্ক আবহাওয়া থাকে, তাই ঠোঁট (Winter Lip Care) ফেটে যাওয়ার সমস্যায় ভোগেন কম-বেশি সকলেই। অনেকের আবার সারা বছরই শুষ্ক থাকে ঠোঁট। তাই এই সমস্যার সমাধানের জন্য বেশ কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে আমাদের আজকের প্রতিবেদন হাজির হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সঠিক ঠোঁট স্ক্রাবিং
ত্বকের স্ক্রাবিং করা কেমন বেশ জরুরি ঠিক তেমনই ঠোঁটের যত্নের জন্য এটি বেশ জরুরি। এর জন্য একটি পাত্রে এক টেবিল চামচ নারকেল তেল, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়ে ভাল করে ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে ৩ বার এই লিপ স্ক্রাব ব্যবহার করলে ঠোঁট ভালো থাকবে।
ঠোঁটকে ময়শ্চারাইজ রাখতে হবে
ঠোঁটের হাইড্রেশন মেইনটেইন করা খুব জরুরি। তাই ঠোঁটের জন্য অনেকেই লিপ বাম ব্যবহার করেন। কিন্তু সব লিপ বাম ঠোঁটের জন্য ভাল হবে, এমনটা নয়। তাই এমন একটি লিপ বাম বেছে নিন, যাতে রয়েছে পেট্রোলিয়াম, সেরামাইড, শিয়া বাটার, মিনারেল অয়েলের মতো উপকারী উপাদান।
আরও পড়ুন: শীতে উলের পোশাক যত্নে রাখার সহজ ৪ উপায়
জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না
আমরা অনেকেই ঠোঁট শুকনো লাগলে অভ্যাসবশত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাখি। এতে সাময়িক ভাবে ঠোঁট হাইড্রেটেড থাকলেও পরবর্তী কালে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়। ফলে আরও বেশি ঠোঁট ফাটে। তাই ঠোঁট শুকনো লাগলে লিপ বাম ব্যবহার করুন।
বেশি পরিমাণে জল পান করতে হবে
শরীরে যদি জলের ঘাটতি হয়, তবে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যাবে। শীতকালে অনেকের জল খাওয়ার প্রবণতা কমে যায়। তেষ্টা না পেলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। এতে আপনার ঠোঁট এবং ত্বক দুটোই খুব ভালো থাকবে। এছাড়াও ঠোঁট ফেটে অনেক সময়ে উপরের চামড়ার পরত উঠে আসে। সেটাকে ভুলেও টেনে তোলার চেষ্টা করবেন না, নইলে এর থেকে রক্তপাত হতে পারে।


