বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজেদের সমস্যার জন্য ভারতকে (India) দায়ী করার বিষয়টিকে রপ্ত করে নিয়েছে বাংলাদেশ (Bangladesh)! ওপার বাংলায় অস্থিরতা তৈরি হলেই হুমকি আছে এপারে। সেই নিয়মের ব্যতিক্রম হলো না এবারেও। শ্রমিক আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক হিংসার কবলে পড়েছে বাংলাদেশ। পরিস্থিতির মোকাবিলা করতে বাধ্য হয়ে নামানো হয়েছে সেনা। ঠিক সেই পর্বে ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী!
বাংলাদেশ থেকে আবারও হুমকি পেল ভারত
বাংলাদেশের সংবাদমাধ্যম আমার দেশের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় আয়োজন করা হয় এক বিক্ষোভ কর্মসূচির। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম নিশানা করেন ভারতকে। জানা গিয়েছে, রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের 16 ডিসেম্বর বাংলাদেশ দখলের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেখানেই ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দেন আজিজুল!
বাংলাদেশের ওই নেতা বলেন, “বাংলাদেশের মহান বিজয় দিবস 16 ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের এক মন্ত্রী বাংলাদেশ সম্পর্কে উদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থীই নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতার জন্য চরম হুমকি।” এদিন অর্জুন সিংকে নিশানা করে আজিজুল বলেন, নিজের অজ্ঞতার জন্য দ্রুত পশ্চিমবঙ্গের ওই মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে ওই মন্ত্রী কেন এমন মন্তব্য করেছেন তার কারণ জানতে হবে।
আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর দখলের পথে ভারত!
এদিন ভারতকে সরাসরি নিশানা করে আজিজুল একেবারে হুমকি দিয়ে বলেন, “ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারতের নিরাপত্তা বলে কিছুই থাকবে না।” বাংলাদেশের ওই নেতার বক্তব্য ছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা নষ্ট করার পরিকল্পনা করছেন তাদের আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে বাংলাদেশের জনগণই নাকি যথেষ্ট।


