NDA-তে আরও এক বিরোধী দল, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছে বিজেপি সরকার

Published:

NDA Government

সৌভিক মুখার্জী, কলকাতা: লোকসভায় আরও শক্তিশালী হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার (NDA Government)। সীমানা পুনঃনির্ধারণের ডিলিমিটেশন বিলের উপর বেশ কয়েকটি বিরোধী দল এবার মোদী সরকারকে সরাসরি সমর্থন জানাতে চলেছে। যার ফলে এনডিএ জোট লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, দীর্ঘদিন ধরে মোদী সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি এই বিলটিকে সমর্থন করতে চলেছে। এমনকি স্ট্যালিন ইতিমধ্যেই প্রকাশ্যে সমর্থনের কথা ঘোষণা করেছেন।

বিরোধীদের সমর্থন এনডিএকে

লাইভ হিন্দুস্তানের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শরদ পাওয়ারের দল এনসিপি শুধুমাত্র ডিলিমিটেশন বিলকে সমর্থন করবে না, বরং আগামী দিনে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে সরাসরি যোগ দিতে পারে। রিপোর্ট অনুযায়ী, এনসিপি এনডিএতে এলে শরদ পাওয়ারের কন্যা তথা দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে মোদীর মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হতে পারেন। পাশাপাশি মহারাষ্ট্র সরকারেও দলটিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে চলছে জল্পনা। দলের প্রবীণ নেতা জয়ন্ত পাতিলকে মহারাষ্ট্রের অর্থ মন্ত্রী এবং জিতেন্দ্র আওয়াডকে ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়া হতে পারে।

জানা গিয়েছে, গত এপ্রিল মাসে ডিলিমিটেশন বিলের পক্ষে মোট ২৯৮টি ভোট পড়ায় সরকার ধাক্কা খেয়েছিল। তবে এর পরের মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। ওই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০ জন সাংসদ সরাসরি এনডিএকে সমর্থন করে এনসিপিআইতে যোগদান করেন। এছাড়া শিবসেনার ৬ জন সাংসদ একনাথ শিন্ডের শিবসেনার যোগ দেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রস্তুতি, নবদ্বীপ-মায়াপুর সেতু নিয়ে তৎপরতা

হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এনডিএ জোটের কাছে ৩২০ জন সাংসদের সমর্থন রয়েছে, যার মধ্যে বিজেপি ২৪১ জন, এনসিপিআই ২০ জন, টিডিপি ১৬ জন, শিবসেনার ১৩ জন, জেডিইউ ১২ জন, এলজেপি ৫ জন, আরএলডি ২ জন, জেডিএস ২ জন এবং অন্যান্য ৯ জন। পাশাপাশি বাইরের দলগুলির সমর্থনও যুক্ত হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ডিএমকের ২২ জন, শরদ পাওয়ারের এনসিপি-র ৮ জন এবং ওয়াইএসআর কংগ্রেসের ৪ জন। ফলে সবমিলিয়ে সমর্থনের সংখ্যা দাঁড়াচ্ছে ৩৫৪-তে। আর বর্তমানে লোকসভায় মোট আসন ৫৪৩টি। তিনটি আসন শূন্য। ফলে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬০টি ভোট প্রয়োজন এই বিল পাস করতে। সরকারের হাতে ৩৫৪ জন সাংসদের সমর্থন রয়েছে, অর্থাৎ তুলনায় মাত্র ৬টি ভোট কম। এখন দেখার, এনডিএ এই বিল পাস করতে পারে কিনা।

google button