প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর মাস প্রায় শেষের মুখে, ধীরে উত্তুরে হাওয়া বইছে রাজ্য জুড়ে। দার্জিলিঙে পারদও নেমেছে বেশ, আর তার সঙ্গেই পাল্লা দিচ্ছে পশ্চিমী জেলাগুলি। আগামীকাল (Weather Tomorrow) রবিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের (Winter In South Bengal) সমগ্র জেলায় শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে। এদিকে এসবের মাঝে দুর্যোগ নিয়েও শঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস। অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের জেরেই নাকি ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি
ঘূর্ণিঝড় আকভানের রেশ কাটতে না কাটতেই জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। অনুকূল পরিস্থিতি পেলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি মৌসম ভবন। আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে শীতের আমেজে একটু ঘাটতি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমের জেলাগুলোতেও পারদ পতনের রেশ পাওয়া যাবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব-পশ্চিম বর্ধমানে শুষ্ক থাকবে আবহাওয়া। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন: মেডিক্যালে মেয়ের সাফল্যের আনন্দ হল মাটি, রামপুরহাটে গৃহস্থের বাড়িতে মর্মান্তিক কাণ্ড
কবে পড়বে জাঁকিয়ে শীত?
হাওয়া অফিস জানিয়েছে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের বেলাতেও তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে আশা করা যাচ্ছে ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলেই অনুমান করা হচ্ছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের সব জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। অন্যদিকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই কমবে। সবমিলিয়ে আপাতত সেখানে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।


