আনিষা চৌধুরী, কলকাতা: দেশের প্রতিভা বিদেশের মাটিতে সাফল্য অর্জন করে আবার দেশের উন্নয়নের কাজে ফিরে আসছেন, এমন ঘটনা নিঃসন্দেহে গর্বের। এবার ভারতের নিজস্ব মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বড় উদ্যোগ নিলেন গবেষক ড. পৃথ্বীশ কুণ্ডু (Dr Prithwish Kundu)। আমেরিকার গবেষণাগারে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে ভারতে ফিরে তিনি শুরু করেছেন নিজস্ব জেট ইঞ্জিন ও অত্যাধুনিক ড্রোন তৈরির কাজ। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা Green Aero ইতিমধ্যেই ১৪ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।
কী কী পরিকল্পনা রয়েছে তাঁর?
পৃথ্বীশ কুণ্ডু একজন অ্যারোস্পেস গবেষক। পুনের সাভিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকার নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে যান। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পূর্ণ করেন। এরপর আমেরিকার Argonne National Laboratory-তে পাঁচ বছরেরও বেশি সময় গবেষক হিসেবে কাজ করেন তিনি। হাইপারসনিক প্রযুক্তি, স্ক্র্যামজেটের দহন প্রক্রিয়া এবং গ্যাস টারবাইন ইঞ্জিন নিয়ে তাঁর গবেষণার সঙ্গে যুক্ত ছিল NASA Langley-র গবেষক দলও। মার্কিন সেনাবাহিনীর সঙ্গেও গ্যাস টারবাইন সংক্রান্ত গবেষণায় কাজ করেছেন তিনি।
বিদেশে গবেষণার অভিজ্ঞতা অর্জনের পর ভারতে ফিরে প্রথমে AgniKul Cosmos-এ কাজ করেন পৃথ্বীশ। পরে বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা Euler Motors-এ ব্যাটারি ও থার্মাল সিস্টেমের গবেষণা এবং উন্নয়ন বিভাগের দায়িত্ব সামলান। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের মাটিতেই উন্নত বিমান প্রযুক্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ২০২৩ সালের নভেম্বর মাসে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠা করেন Green Aero। এই সংস্থার মূল লক্ষ্য উচ্চগতির চালকবিহীন ড্রোন এবং স্বয়ংক্রিয় যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় জেট প্রপালশন সিস্টেম, অ্যাভিয়নিক্স ও এয়ারফ্রেম তৈরি করা।
Green Aero-র দাবি, ইতিমধ্যেই ছোট ক্ষমতার জেট ইঞ্জিন নিয়ে ১০০টিরও বেশি হট-ফায়ার পরীক্ষা সম্পন্ন করেছে তারা। পাশাপাশি তৈরি হয়েছে ‘Blue Dragon’ নামে একটি ইঞ্জিন কোর। বর্তমানে সংস্থাটিতে প্রায় ৫০ জন কর্মী রয়েছেন। বেঙ্গালুরুতে প্রায় ৮৭ হাজার বর্গফুটের গবেষণা, উন্নয়ন, সংযোজন ও পরীক্ষার পরিকাঠামোও তৈরি করেছে সংস্থাটি। Larsen & Toubro-র সঙ্গে অংশীদারিত্বের পাশাপাশি Boeing-এর BUILD কর্মসূচি থেকেও সহযোগিতা পেয়েছে Green Aero।
আরও পড়ুন: প্রতিদিন ২০০ পথকুকুরকে খাওয়ান পরিচারিকা, অবলাদের জন্য বিক্রি করেছেন নিজের সোনাও
সম্প্রতি সংস্থাটি ১৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। Crane Ventures-এর নেতৃত্বে এই বিনিয়োগে অংশ নিয়েছে থ্রি ওয়ান ফোর ক্যাপিটাল, অ্যান্টলার এলিভেট, পাই ভেঞ্চার্স, অ্যান্টলার ইন্ডিয়া এবং রিব্যালান্স। আগামী ১২ থেকে ১৮ মাসে এই অর্থ দিয়ে ইঞ্জিন পরীক্ষার পরিকাঠামো আরও উন্নত করা, নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ এবং প্রযুক্তির পরবর্তী পর্যায়ের উন্নয়নে জোর দিতে চায় সংস্থা। পাশাপাশি উচ্চগতির ড্রোনের পরীক্ষামূলক উড়ান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। গবেষণাগারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের মাটিতে উন্নত জেট ইঞ্জিন ও বিমান প্রযুক্তি তৈরির এই উদ্যোগ দেশের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


