ট্রেনের খাবার নিয়ে ফের বিতর্কে রেল! বন্দে ভারতের ব্রেকফাস্টে মিলল মরচে ধরা বোল্ট

Published:

Vande Bharat Express

সহেলি মিত্র, কলকাতা: ফের শিরোনামে ট্রেনের খাবার (Train Food)। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতের সবথেকে প্রিমিয়াম ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) খাবার। জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত এক যাত্রীকে ব্রেকফাস্ট দেওয়া হয়। আর সেই খাবারের মধ্যে একটি মরচে ধরা লোহার বোল্ট খুঁজে পান ওই যাত্রী। ওই যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এই ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করে রেলওয়ে এবং আইআরসিটিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন।

বন্দে ভারতের খাবারে মিলল মরচে ধরা বোল্ট!

এই ঘটনার পর, আইআরসিটিসি (IRCTC) অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে এবং ক্যাটারিং ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে। যাত্রীর পোস্টটি বর্তমানে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে বেলাগাভিগামী বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটিতে ভ্রমণ করছিলেন যাত্রী সমর্থ কোডিয়াল। ব্রেকফাস্টে পরিবেশন করা দক্ষিণ ভারতীয় খাবার বড়ার মধ্যে তিনি একটি বড়, মরচে ধরা ধাতব বোল্ট দেখতে পান।

যাত্রীটি বড়া এবং বোল্টটির ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন যে, বন্দে ভারত এক্সপ্রেসে খাবারে বোল্ট পাওয়া খাবারের মানের ক্ষেত্রে ক্ষেত্রে একটি বড় ত্রুটি। তিনি তাঁর পোস্টে ভারতীয় রেল এবং আইআরসিটিসি-কেও ট্যাগ করেছেন, যাতে অভিযোগটি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: বেসরকারি স্কুলের মাথায় বাজ! ফেরত দিতে হবে মাত্রাতিরিক্ত ফি, পোর্টাল আনছে সরকার

কী জবাব দিল রেল?

ছবিগুলোতে একটি প্লেটে আধখাওয়া বড়া এবং তার কাছেই একটি মোটা বোল্ট দেখা যাচ্ছে। পোস্টটিতে রেলওয়ের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগটি ভাইরাল হওয়ার পর, আইআরসিটিসি যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, এই অসুবিধার জন্য তাঁরা দুঃখিত। আইআরসিটিসি-র মতে, যে ক্যাটারিং ঠিকাদার খাবার সরবরাহ করেছিল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবার তৈরির সময় প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) কঠোরভাবে মেনে চলার জন্য রান্নাঘরের কর্মীদেরও সতর্ক করা হয়েছে।

google button