‘আমি এই কাজের জন্য প্রস্তুত নই’ MI-র অধিনায়ক হতে না হতেই বলে দিলেন রোহিত শর্মা

Published:

Rohit On MI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা দীর্ঘ সময় পেরিয়ে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইতিমধ্যেই নতুন অধিনায়ক হিসেবে হিটম্যানের নাম ঘোষণা করে দিয়েছে MI ফ্রাঞ্চাইজি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা একেবারে খোলাখুলি জানান, তাঁকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলে প্রথমদিকে তিনি এই দায়িত্ব নিতে চাননি। তবে পরবর্তীতে নিজের মনকে পরিবর্তন করে অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হয়ে যান।

অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা নিজেই

মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রোহিত শর্মার একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে রোহিতকে বলতে শোনা যায়, মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক আকাশ আম্বানির সাথে তাঁর একটি বৈঠক হয়েছিল। রোহিতের কথায়, “আমি আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম, ঠিক সেই সময়ে আকাশ আম্বানির তরফ থেকে আমার কাছে একটি ফোন আসে। আমরা দেখা করি, দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো, কী করতে হবে এসব নিয়ে আমরা আলোচনা করেছি।”

এদিন রোহিত আরও বলেন, “ফোনে আকাশ আম্বানি আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল। শুরুতে আমার মনে হয়েছিল, আমি এই কাজের জন্য প্রস্তুত নই। আমি তাকে বলেছিলাম আমি এটা নিয়ে বাড়িতে একটু ভাববো। অনেক কিছুই ঘটেছিল, আমি নিশ্চিত ছিলাম না যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। আমি বলছি না যে দলের আমাকে নেতা হিসেবে প্রয়োজন, তবে এই মুহূর্তে দলের একটা দিকনির্দেশনা দরকার।”

 

আরও পড়ুন: আবারও শূন্যতে আউট, প্রথম ভারতীয় হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন যশস্বী জয়াসওয়াল

রোহিত শর্মার সংযোজন, “আমার মনে হয়েছিল এই দলটা আমিই গড়ে তুলেছিলাম। 10 বছর আমি এই দলটার অধিনায়কত্ব করেছি। তাই ভেবে দেখলাম আর একবার চ্যালেঞ্জটা গ্রহণ করলে কেমন হয়।” সব মিলিয়ে বলাই যায়, প্রথম দিকে ইচ্ছে না থাকলেও অধিনায়ক হিসেবে এবার দলকে সাফল্য পাইয়ে দেওয়াই উদ্দেশ্যে রোহিত শর্মার। তবে অতিরিক্ত চিন্তা মাথায় নিয়ে কিছু করতে চাইছেন না হিটম্যান। বরং শান্ত মাথায় এগিয়ে যাওয়াই লক্ষ্য রোহিতের।

google button