আনিষা চৌধুরী, কলকাতা: রাজনৈতিক জীবনে বড় ধাক্কা খাওয়ার পর এবার জাতীয় রাজনীতির মঞ্চে আরও সক্রিয় হয়ে উঠেছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পাশাপাশি নিজের কেন্দ্রেও হারতে হয়েছিল তাঁকে। এরপর থেকেই INDIA জোটের বিরোধী রাজনীতিতে তাঁর সক্রিয়তা বিশেষভাবে নজরে এসেছে। SIR-এর বিরুদ্ধে আন্দোলন হোক কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, একাধিক কর্মসূচিতে বিরোধী নেতাদের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের সভাতেও যোগ দিয়েছিলেন তিনি। এবার সংসদের বিশেষ অধিবেশনের আগে জোটের নেতাদের জরুরি বার্তা পেয়েই ফের দিল্লির উদ্দেশে রওনা হলেন মমতা ব্যানার্জি।
কী বলছেন মমতা ব্যানার্জি?
দিল্লি যাওয়ার আগে এবং বিরোধীদের সভামঞ্চে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। SIR এবং নির্বাচনী অনিয়ম নিয়ে তাঁর বক্তব্য ছিল যথেষ্ট আক্রমণাত্মক। গত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের সভায় তিনি বলেন, “আমরা মানুষের ভোটে পরাজিত হইনি। আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক পথেই লড়াই করব। আমরা হাল ছাড়ব না। প্রয়োজনে জীবন দেব, তবুও লড়াই চালিয়ে যাব। কিন্তু কোনওভাবেই আত্মসমর্পণ করব না।”
কিন্তু এবার দিল্লিতে যাওয়ার নেপথ্যে রয়েছে আরও বড় রাজনৈতিক সমীকরণ। কালীঘাটের বাড়ি থেকেই মমতা জানিয়েছেন, “আজকে হঠাৎই ৩টের সময় সিনিয়র লিডারদের মেসেজ আসে। খুব জরুরী। তাই আমায় দিল্লি যেতে হচ্ছে।” কেন্দ্রের তরফে সংসদের বিশেষ অধিবেশনে Delimitation সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আনার প্রস্তুতি চলছে। সেই বিলের বিরোধিতায় একজোট হতে শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে INDIA জোটের নেতারা বৈঠকে বসেন। সেখানে বিরোধীদের যৌথ কৌশল নির্ধারণের পাশাপাশি সংসদে কীভাবে এই বিলের বিরোধিতা করা হবে, তা নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর খাড়গে জানান, বিরোধীরা সম্মিলিতভাবে এই প্রস্তাবিত বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এই বিল গণতন্ত্রের পক্ষে বড়সড় বিপদ।
উল্লেখ্য, নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা এবং আসনসংখ্যা পুনর্নির্ধারণ করা হয়। কেন্দ্রের প্রস্তাবিত পরিকল্পনায় লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার বিষয়টি উঠে এসেছে। বিরোধীদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: SIR বিতর্কের মাঝেই বিরাট দায়িত্ব পেতে পারেন জ্ঞানেশ কুমার, বড় পরিকল্পনা কেন্দ্রের
এদিকে বিরোধী শিবিরের অঙ্কও বেশ জটিল হয়ে উঠেছে। শরদ পাওয়ারের NCP (SP) শর্তসাপেক্ষে Delimitation বিলকে সমর্থনের কথা জানিয়েছে। অন্যদিকে সংশোধিত প্রস্তাব নিয়ে DMK-ও সমর্থনের ইঙ্গিত দিয়েছে। BRS-এর তরফেও সমর্থনের কথা সামনে এসেছে। ফলে সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধী জোটের মধ্যে ঐকমত্য তৈরি করা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন চলার কথা। এই পরিস্থিতিতে বিরোধীদের ঐক্য ধরে রেখে কেন্দ্রের প্রস্তাবের বিরুদ্ধে কতটা শক্তিশালী অবস্থান নেওয়া যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


