সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম (Salary Advance Scheme)। দুই ধাপে এই স্কিম থেকে অগ্রিম টাকা নিতে পারবেন কর্মীরা। তবে তা বাস্তবায়নের প্রক্রিয়ায় এবার আরও একধাপ এগোল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সংক্রান্ত আগ্রহী দরপত্র দাখিলের বিভিন্ন প্রশ্ন এবং প্রস্তাবের ব্যাখ্যা চেয়ে নতুন মেমোরেন্ডাম বা বিজ্ঞপ্তি জারি করলে নবান্ন।
ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম নিয়ে আরও তৎপর নবান্ন
গত ২৩ নভেম্বর নবান্নের তরফ থেকে অর্থ দপ্তরের ই-গভর্নেন্স শাখা এই বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের বিশেষ সচিব হরসিমরন সিং স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে এই প্রকল্পের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করা হয়েছিল। এরপর ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রি-বিড বৈঠকে সম্ভাব্য দরপত্রদাতারা প্রকল্পের শর্তাবলী নিয়ে যে সমস্ত প্রশ্ন বা প্রস্তাব রেখেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা বা ক্ল্যারিফিকেশন জারি করা হয়েছে। এই প্রকল্পের নিয়মাবলী এবং প্রয়োজনীয় শর্তগুলি স্পষ্টভাবে বোঝার জন্য আগ্রহী দরপত্রদাতাকে নতুন ব্যাখ্যাগুলি ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছি অর্থ দপ্তর। বিশেষজ্ঞদের মতে, স্যালারি অ্যাডভান্স স্কিমের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা প্রয়োজনের সময় যেমন অগ্রিম বেতনের সুবিধা পাবেন, তেমনই এই স্কিম সম্পর্কে প্রয়োজনীয় ধারণা জন্মাবে তাদের মধ্যে।
আরও পড়ুন: NASA ছেড়ে ভারতে বাঙালি বিজ্ঞানী, স্বদেশী জেট ইঞ্জিন বানাতে ১৪ মিলিয়ন ডলার পেলেন পৃথ্বীশ কুণ্ডু
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, সেলারি অ্যাডভান্স স্কিমের মাধ্যমে আচমকা কোনও প্রয়োজনে অগ্রিম টাকা নিতে পারবেন কর্মীরা। সেক্ষেত্রে যে মাসে টাকা নেবেন, সেই মাসে নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নেওয়া যাবে এবং সর্বোচ্চ ৬০ দিনের মধ্যেই তা পরিশোধ করতে হবে। অন্যদিকে দীর্ঘমেয়াদি স্কিমের মাধ্যমেও নেওয়া যাবে টাকা। সেক্ষেত্রে দু’মাস থেকে শুরু করে ৬০ মাস অর্থাৎ ৫ বছর পর্যন্ত অগ্রিম বেতন নেওয়া যাবে। বড় ধরনের পারিবারিক খরচ, চিকিৎসার খরচ মেটানো জন্য এই বিভাগ। সেক্ষেত্রে নেট বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত অগ্রিম মিলবে এবং চাকরির মেয়াদ পর্যন্ত তা মেটানোর সুযোগ পাওয়া যাবে।


