সৌভিক মুখার্জী, কলকাতা: জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিম (Bharosa Scheme)। এদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়মিত পাচ্ছেন রাজ্যের মহিলারা। আপাতত ভরসা স্কিমে ১৫০০ টাকা এবং ২০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবশক্তি যারা পেতেন, তাদেরই তথ্য নতুন করে ভেরিফিকেশন করা হবে এবং এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। তবে অন্নপূর্ণার সুবিধা নিলে কি মিলবে ভরসা স্কিমের ২০০০ টাকা?
একসাথে মিলবে অন্নপূর্ণা এবং ভরসা স্কিম?
রাজ্যে সরকার পরিবর্তন হতেই মহিলাদের সুবিধা দেওয়ার জন্য চালু করা হয়েছিল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৩০০০ টাকা করে অর্থ সহায়তা পাচ্ছেন। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের অভিযোগ, যোগ্য সত্ত্বেও এই প্রকল্প থেকে নাম বাদ পড়ছে। অন্যদিকে বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিম চালু হবে জানুয়ারি থেকেই, যেখানে অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল। তবে এই আবহে রাজ্যের মহিলাদের মনে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেলে কি মিলবে ভরসা স্কিমের ২০০০ টাকা?
আসলে অন্নপূর্ণা যোজনা এবং ভরসা স্কিমের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কিনা তা সে বিষয়ে স্পষ্টিকরণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটি প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পান, তবে সেই বেকার যুবতী আর ভরসা স্কিমের আওতায় থাকবেন না।” পাশাপাশি যে কোনও পরিবার থেকে সর্বোচ্চ দু’জন প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে চলবে তথ্য ভেরিফিকেশন।
আরও পড়ুন: SIR বিতর্কের মাঝেই বিরাট দায়িত্ব পেতে পারেন জ্ঞানেশ কুমার, বড় পরিকল্পনা কেন্দ্রের
জানিয়ে রাখি, আগামী জানুয়ারি থেকে গ্র্যাজুয়েট যুবকরা ভরসা স্কিম বাবদ প্রতি মাসে ২০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। তবে এর জন্য আলাদা করে আবেদন করার কোনও প্রয়োজন নেই বলেই অনুমান করা হচ্ছে। যুবশক্তি প্রকল্পের সুবিধা যারা পেতেন, তাদের তথ্য নতুন করে ভেরিফিকেশন হবে। আর তাদের মধ্যে যোগ্যরা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে। তবে নতুন করে আবেদন করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্ট এখন থেকেই সঙ্গে রাখা উচিত।


