মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রস্তুতি, নবদ্বীপ-মায়াপুর সেতু নিয়ে তৎপরতা

Published:

mayapur

আনিষা চৌধুরী, কলকাতা: বিজেপি সরকার বাংলার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক উন্নয়নমূলক কাজের ঘোষণা করছে। তবে শুধু প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকছে না সরকার, ঘোষণাগুলি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। মহিলাদের মাসিক ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর উদ্যোগও বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের কাজও শুরু হয়েছে। এবার সেই উন্নয়নের তালিকায় নতুন সংযোজন নবদ্বীপ-মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণার পর ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।

কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার?

গত ২২ নভেম্বর নবদ্বীপের রাস পূর্ণিমা উৎসবের উদ্বোধনে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি সেতু তৈরি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘একটা তৈরি হয়েছিল। তবে সেটা চলে না। আমি ওই ঘাটের কাজ সম্পূর্ণ ভাবে সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা করব, সেটা বলে গেলাম।’’ তিনি আরও জানান, ‘‘কাজ শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি আবার নবদ্বীপে আসব। ফেরি পরিষেবা উদ্বোধন করব।’’ এবার সেই ঘোষণাকে বাস্তবে রূপ দিতে শুরু হয়েছে প্রাথমিক পরিকল্পনার কাজ।

সেতু নির্মাণের সম্ভাব্য অবস্থান এবং প্রাথমিক পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখতে আগামী রবিবার নবদ্বীপ যাচ্ছেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় এবং পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবেন। কোন এলাকা দিয়ে সেতু নির্মাণ করা সম্ভব, নদীর পরিস্থিতি কেমন এবং প্রয়োজনীয় পরিকাঠামো কতটা রয়েছে, সেসব বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি নদীভাঙন, জলপথ ও সড়কপথের যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ঠিক কবে থেকে সেতু নির্মাণের কাজ শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের পাশাপাশি মাটির পরীক্ষা এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ দ্রুত করতে হবে। সেতু নির্মাণের খরচ বহন করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), অন্যদিকে জমি অধিগ্রহণের খরচ দেবে রাজ্য সরকার। ফলে রবিবারের পরিদর্শন এবং প্রাথমিক সমীক্ষা পরবর্তী কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

মূলত নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে যাতায়াত আরও সহজ করতেই এই স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা। প্রতিদিন দেশ-বিদেশের বহু পুণ্যার্থী ও পর্যটক এই দুই তীর্থক্ষেত্রে আসেন। বর্তমানে নদী পারাপারের জন্য জলপথের উপর নির্ভর করতে হয় তাঁদের। সেতু তৈরি হলে দুই পাড়ের মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। ফলে সময় বাঁচার পাশাপাশি যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। বিশেষ করে উৎসবের মরশুমে ভিড় সামলানো এবং পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে।

আরও পড়ুন: ‘সিনিয়র লিডারদের মেসেজ’ তড়িঘড়ি দিল্লি উড়ে যাচ্ছেন মমতা, হঠাৎ কী হল?

যে গতিতে ঘোষণার পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে, তাতে আগামী দিনে এই প্রকল্পের কাজ বেশ তাড়াতাড়ি এগোবে বলেই আশা করা হচ্ছে। স্থায়ী সেতু তৈরি হলে নবদ্বীপ ও মায়াপুরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকরাও উপকৃত হবেন। পাশাপাশি দুই তীর্থক্ষেত্রের পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসতে পারে।

google button