বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজব নিয়ম তালিবানের। আফগানিস্তানের (Afghanistan) উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে দেশটির তালিবান (Taliban) সরকার। সবচেয়ে বড় কথা, চিকিৎসা ব্যবস্থার পত্র থেকে শুরু করে হাসপাতালের নথিতেও নারীদের নাম ব্যবহার করা যাবে না বলেই জানানো হয়েছে। তাঁদের পরিচয় দিতে হবে বিবি, ছাগল, গরু শব্দ ব্যবহার করে। তালিবানের তরফে জারি করা নতুন নির্দেশিকায়, সরকারিকর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মহিলাদের নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে।
তালিবানের কাণ্ডে অবাক গোটা বিশ্ব!
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের ওই বিশেষ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম উল্লেখ করা হোক কিংবা তাঁদের নির্দিষ্ট নাম ধরে ডাকা হোক এমনটা চায়না তালিবান। জানিয়ে রাখি, আফগান সমাজে ‘বিবি’ শব্দের অর্থ ‘দাদি’ অর্থাৎ বয়স্ক মহিলা। এ নিয়ে অবশ্য নিজের মত প্রকাশ করেছেন আফগান অধিকার কর্মী লাল ওসমানি। এই ধরনের চর্চাকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন তিনি।
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফগান অধিকার কর্মী ওসমানি জানিয়েছেন, একজন মানুষের প্রাথমিক পরিচয় তাঁর নাম। সেটাই যখন কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে আর তাঁর পরিচয় থাকছে না। তালিবানের এমন নির্দেশিকাকে একেবারেই ভালো চোখে দেখছেন না তিনি। তাঁর দাবি, সরকারি নথিতে মহিলাদের নাম উল্লেখ না করা গেলে একাধিক ক্ষেত্রে ভুল হতে পারে। বিশেষ করে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে হাসপাতালের সরকারি নথিতে যদি মহিলাদের নাম উল্লেখ করা না হয় সেক্ষেত্রে চিকিৎসায় ভুল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: ভুয়ো AI ভিডিও প্রকাশের অভিযোগ! এবার অভিষেকের বিরুদ্ধে চরম পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী
এখানেই শেষ নয়, নারীদের নাম উল্লেখ না করা হলে রোগী শনাক্তকরণের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। এর ফলে ভুল চিকিৎসা এমনকি ভুল ওষুধ দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। অনেকেই হয়তো জানেন না, এই ওসমানিই 2017 সালে হোয়্যার ইজ মাই নেম নামক একটি প্রচার অভিযান শুরু করেছিলেন। সেই প্রচারের ফলে 2020 সালে বার্থ সার্টিফিকেটে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল ঠিকই তবে 2021 এ তালিবান ক্ষমতায় চলে আসতেই আফগান মহিলাদের শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান এমনকি জীবনযাপনে একাধিক বিধিনিষেধ আরোপ করতে শুরু করে। আফগানিস্তানে মহিলা কেন্দ্রিক এই ধরনের নির্দেশিকায় হতবাক গোটা বিশ্ব!


