ভারত-নেপাল ট্রেনে সফর করতে পারবেন না এরা, বিধিনিষেধ রেলের

Published:

Ayodhya-Janakpur Saryu Kamala Express

আনিষা চৌধুরী, কলকাতা: অযোধ্যা থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চালু হয়েছে ভারত-নেপালের নতুন ট্রেন পরিষেবা সরযূ-কমলা এক্সপ্রেস (Saryu Kamala Express)। দুই প্রতিবেশী দেশের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে এই ট্রেনে সফরের ক্ষেত্রে যাত্রীদের জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। আপাতত ভারত ও নেপালের নাগরিক ছাড়া অন্য কোনও দেশের নাগরিক এই ট্রেনে যাতায়াত করতে পারবেন না। অর্থাৎ, তৃতীয় কোনও দেশের নাগরিকদের জন্য এই ট্রেনে সফরের অনুমতি থাকছে না।

কেন এই নিষেধাজ্ঞা?

নেপাল রেলওয়ের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, বিহারের জয়নগর রেলস্টেশনে এখনও তৃতীয় দেশের নাগরিকদের জন্য প্রয়োজনীয় অভিবাসন বা ইমিগ্রেশন পরীক্ষা করার পরিকাঠামো চালু হয়নি। এই স্টেশন দিয়েই ট্রেনটি ভারত থেকে নেপালে প্রবেশ করে। ফলে অন্য দেশের পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপারের জন্য যে ইমিগ্রেশন ছাড়পত্র প্রয়োজন, তা দেওয়ার ব্যবস্থা আপাতত নেই। নেপালের পাশাপাশি ভারতীয় আধিকারিকরাও জানিয়েছেন, এই পরিকাঠামো চালু না হওয়া পর্যন্ত ভারত ও নেপালের নাগরিক ছাড়া অন্য কেউ এই ট্রেনে যাতায়াত করতে পারবেন না। তবে ভবিষ্যতে ইমিগ্রেশন ব্যবস্থা চালু হলে বিদেশি নাগরিকদের জন্যও যাত্রার সুযোগ তৈরি হতে পারে।

এই ট্রেনে সফরের জন্য পরিচয়পত্র সংক্রান্ত নিয়মও বেশ কড়া। ভারতীয় নাগরিকদের সঙ্গে পাসপোর্ট অথবা ভোটার পরিচয়পত্র রাখতে হবে। ১৫ বছরের কম বয়সি শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সি প্রবীণদের ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য। অন্যদিকে, নেপালের নাগরিকদের পরিচয়পত্র হিসেবে নাগরিকত্বের শংসাপত্র অথবা পাসপোর্ট দেখাতে হবে। টিকিট বুকিংয়ের সময় দেওয়া তথ্যের সঙ্গে যাত্রার সময় দেখানো পরিচয়পত্রের তথ্যের মিল থাকা বাধ্যতামূলক। নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের জন্য জয়নগর স্টেশনে ট্রেন থামবে।

সপ্তাহে একদিন করে চলবে এই এক্সপ্রেস। ১৫৫৯৫ নম্বর ট্রেনটি প্রতি শনিবার নেপালের জনকপুর ধাম থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। ভারতীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে জয়নগরে পৌঁছে সেখানে এক ঘণ্টা দাঁড়াবে। এরপর সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি ও মনকাপুর হয়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যা ক্যান্টে পৌঁছবে। ফিরতি পথে ১৫৫৯৬ নম্বর ট্রেনটি প্রতি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে অযোধ্যা ক্যান্ট থেকে ছাড়বে। মঙ্গলবার সকালে জয়নগরে দু’ঘণ্টা দাঁড়ানোর পর দুপুর ১২টা ৪০ মিনিটে জনকপুর ধামে পৌঁছবে। মোট ১৭টি এলএইচবি কোচ নিয়ে চলবে ট্রেনটি। এর মধ্যে রয়েছে এসি ও স্লিপার কামরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রস্তুতি, নবদ্বীপ-মায়াপুর সেতু নিয়ে তৎপরতা

কনফার্ম টিকিট ছাড়া করা যাবে না যাত্রা

টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ রয়েছে। এই ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিট নিয়েই সফর করা যাবে। আরএসি, ওয়েটিং লিস্ট, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের কোনও ব্যবস্থা নেই। সিনিয়র সিটিজেন, লেডিজ ও ইমার্জেন্সি কোটাতেও টিকিট মিলবে না। মোট সংরক্ষিত আসনের ৭০ শতাংশ এন্ড-টু-এন্ড কোটা এবং ৩০ শতাংশ রোডসাইড কোটার জন্য বরাদ্দ থাকবে। বুকিং হবে শুধুমাত্র জেনারেল কোটায়। শিশুদের জন্য আলাদা বার্থ বুক করলে দিতে হবে পূর্ণবয়স্কদের সমান ভাড়া, আর আলাদা বার্থ না নিলে প্রযোজ্য শিশু ভাড়া দিতে হবে। প্রত্যেক যাত্রী সর্বাধিক দু’টি লাগেজ নিয়ে যেতে পারবেন। প্রথম এসিতে ৭০ কেজি, দ্বিতীয় এসিতে ৫০ কেজি এবং তৃতীয় এসি ও স্লিপার ক্লাসে ৪০ কেজি পর্যন্ত বিনামূল্যে লাগেজ বহনের অনুমতি রয়েছে। অতিরিক্ত ওজনের জন্য নিয়ম অনুযায়ী চার্জ দিতে হবে। এই ট্রেনে পার্সেল বা পণ্য বুকিংয়ের সুবিধাও নেই।

google button