পকেটে সাপ নিয়ে পেঁয়াজ বিক্রি, বেরিয়েই দিল ছোবল, হুলস্থুল কাণ্ড কেশিয়ারিতে

Published:

Snake rescuer detained after pocket snake bite

অনন্যা সরকার, পশ্চিম মেদিনীপুর: পকেটে উদ্ধার করা সাপ নিয়েই বাজারে চলে গিয়েছিলেন ‘সর্পবন্ধু’। সেই সাপই পকেট থেকে বেরিয়ে কামড়ে দিল (Snake Bite) দোকানির পায়ে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এলাকায় সাপ উদ্ধারকারী হিসেবে পরিচিত শঙ্কর দাস পকেটে একটি সাপ নিয়ে বাজারে পেঁয়াজ বিক্রি করতে গিয়েছিলেন। সাপটি পকেট থেকে বেরিয়ে এক দোকানদারের পায়ে কামড়ে দিলে বাজারে শোরগোল পড়ে যায়। যদিও, সাপটি নির্বিষ ছিল, তাই দোকানদার প্রাণে বেঁচে গেছেন। তবে পুলিশ আটক করে ওই সাপ উদ্ধারকারী ব্যক্তিকে। 

বাজারে সাপ নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই হুলুস্থুল কাণ্ড 

স্থানীয় সূত্রে জানা গেছে, কেশিয়াড়ির বেনাদিহা গ্রামের বাসিন্দা শঙ্কর দাস ওই অঞ্চলে সাপ ধরার জন্য পরিচিত। ‘সর্পবন্ধু’ হিসেবে এলাকায় তাঁর পরিচিতিও আছে। এছাড়া, তিনি পাইকারি পেঁয়াজ বিক্রেতা হিসেবেও কাজ করেন এবং বাজারের বিভিন্ন দোকানে পেঁয়াজ সরবরাহ করে থাকেন। শনিবার সকালে তিনি খারিদারা মোড়ের একটি দোকানে পেয়াঁজ বিক্রি করতে গিয়েছিলেন। গণেশ বাগ নামের এক ব্যক্তির দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময়, শঙ্করের পকেট থেকে সাপটি বেরিয়ে আসে এবং গণেশের পায়ে কামড়ে দেয়।

স্বভাবতই সাপের কামড়ে আতঙ্কিত হয়ে গণেশ দরদর করে ঘামতে শুরু করেন। তাঁকে দ্রুত কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। তবে সৌভাগ্যবশত সেটি একটি ‘বালিবোরা’ সাপ ছিল, যা বিষহীন হয়। গণেশের প্রতিবেশী বিপুল সাউ জানান যে, শঙ্কর স্থানীয় বাসিন্দা এবং সাপ উদ্ধারকারী হিসেবে এলাকায় নামডাক আছে। তিনি নিজের ফলানো পেঁয়াজ বাজারে বিক্রি করতে এসে গণেশের দোকানে এই ঘটনাটি ঘটে। গণেশ এখন সুস্থ আছেন, তবে তিনি ঘাবড়ে গিয়েছেন।

আরও পড়ুন: মাত্র ৮ বছরেই ১৫ হাজার ফুট ছোঁয়া, নজির গড়ল আসানসোলের অর্ণব

বাজারে সাপ নিয়ে আসার ঘটনায় পুলিশ শঙ্কর দাসকে আটক করেছে। তিনি নিজের ভুল স্বীকার করে জানান যে, শুক্রবার একটি বাড়ি থেকে তিনি এই সাপটিকে উদ্ধার করেছিলেন, কিন্তু সেটিকে আর বাইরে ছেড়ে দিতে পারেননি। সাপটি সারা রাত তাঁর প্যান্টের পকেটের মধ্যেই ছিল। পরদিন সকালে তিনি সেই একই প্যান্ট পরে বাজারে চলে যান, যার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘাটালের মলয় ঘোষ এবং মেদিনীপুরের দেবরাজ চক্রবর্তীর মতো ওই অঞ্চলের অন্যান্য পরিচিত সাপ উদ্ধারকারী জানিয়েছেন যে, বালিবোরা সাপ বিষহীন হলেও কামড়ানোর প্রবণতা রয়েছে। এদের মূলত গিরগিটি, টিকটিকি বা ইঁদুরজাতীয় প্রাণী খেয়ে জীবনধারণ করে।

google button