সহেলি মিত্র, কলকাতা: আপনি কি জানেন কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে গেলে আপনার গা ছমছম করতে বাধ্য? অথচ সেখানে গেলে আপনার মনে হবে এক টুকরো কেরালায় এসে পৌঁছেছেন, অথচ কেরালার থেকে অর্ধেকেরও কম খরচে আপনি কলকাতা থেকে এই জায়গায় পৌঁছাতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন কোন জায়গা নিয়ে কথা হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, যে জায়গাটা নিয়ে কথা হচ্ছে সেটির নাম হল লালগঞ্জ সমুদ্র সৈকত (Lalganj Sea Beach)। এখানে কেরালার মতো কিছুটা হলেও ব্যাক ওয়াটার দেখতে পারবেন। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেবেন।
দুদিনের ছুটিতে ঘুরে আসুন লালগঞ্জ সি বিচ
যারা ঘুরতে গিয়ে একটু নিরিবিলি পছন্দ করেন তাঁদের জন্য এই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) লালগঞ্জ সমুদ্র সৈকত একদম আদৰ্শ জায়গা। কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে নির্জন এই সমুদ্র সৈকত আপনার ভালো লাগবেই। এখানে পরিবারের সঙ্গে কাটিয়ে আসতে পারেন এক সুন্দর দিন। সবথেকে বড় কথা, সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট লাল কাঁকড়া। বালির ওপর তাদের ছোটাছুটি আর গর্তের মধ্যে লুকিয়ে পড়ার দৃশ্য সমুদ্র সৈকতের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে।
কী কী দেখবেন?
লালগঞ্জের আশেপাশে ঘুরে দেখার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। প্রথমেই কথা হবে হেনরি আইল্যান্ড নিয়ে। এখানে সবুজ ম্যানগ্রোভ, নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ সমাহার দেখতে পাবেন। রয়েছে ফ্রেজারগঞ্জ, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানকার উপকূলীয় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও রয়েছে বেনফিশ মৎস্যবন্দর।
আরও পড়ুন: কলকাতা থেকে অল্প দূরেই লুকিয়ে অপরূপ জলপ্রপাত! ডিসেম্বরের ছুটিতে ঘুরে আসুন মাছকান্দা ফলস
এখানে আপনি অসংখ্য মাছ ধরার ট্রলার, মাছের বাজার এবং মৎস্যজীবীদের কর্মব্যস্ত জীবন কাছ থেকে দেখার সুযোগ। আর যে জায়গাটি সম্পর্কে না বললেই নয়, বকখালি সমুদ্র সৈকত, যেখানে দীর্ঘ সমুদ্রতট আর মনোরম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন।
কীভাবে যাবেন?
কলকাতা থেকে বকখালিগামী বাসে ১০ মাইল স্টপেজে নেমে টোটো করে আসা যায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত লালগঞ্জ বিচে। অথবা শিয়ালদহ থেকে ট্রেনে নামখানা স্টেশনে নেমে সেখান টোটো ধরে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে।


