আনিষা চৌধুরী, কলকাতা: অনেকেই রয়েছেন, যাঁরা গাছ ভালোবাসেন। নিজের হাতে গাছে সবজি ফলিয়ে সেই সবজি খেতে যেমন পছন্দ করেন, তেমনই নিজের বাড়ির বাগানে নানা রঙের ফুল ফোটাতেও ভালোবাসেন। কিন্তু জায়গার অভাবে অনেকেই এই শখ পূরণ করতে পারেন না। তবে জানেন কি, এমন বেশ কিছু গাছ রয়েছে, যেগুলি অল্প জায়গার মধ্যেই অনায়াসে ফলানো বা ফুল ফুটিয়ে তোলা সম্ভব? শীতকাল ফুল ও সবজি চাষের (Gardening) জন্য বেশ উপযোগী। এই সময়ে বাড়ির ছাদ কিংবা ছোট্ট ব্যালকনিতেও তৈরি করে ফেলতে পারেন নিজের পছন্দের বাগান। জেনে নিন, কোন কোন ফুল ও সবজি লাগাবেন এবং কীভাবে সেগুলির যত্ন নেবেন।
শীতকালে ব্যালকনি বা ছাদে লাগাতে পারেন যে ৫ ধরনের ফুল
শীতের মরশুমে বেশ কিছু মরশুমি ফুলের গাছ আছে যা অল্প জায়গাতেই ভালোভাবে বেড়ে ওঠে। নার্সারি থেকে ছোট চারা কিনে এনে টবে বসালেই ধীরে ধীরে ফুলে ভরে উঠবে আপনার বাড়ির বাগান।
১. গাঁদা ফুল
- কেমন টব: ৮-১০ ইঞ্চির মাঝারি মাপের টব ব্যবহার করতে পারেন। একটি টবে একটি গাছ লাগানো ভালো।
- কীভাবে বসাবেন: নার্সারি থেকে সুস্থ চারা কিনে টবের ঝুরঝুরে মাটিতে বসিয়ে দিন। মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে নিতে পারেন।
- যত্ন: প্রতিদিন পর্যাপ্ত রোদে রাখুন। মাটির উপরিভাগ শুকিয়ে এলে জল দিন। শুকিয়ে যাওয়া ফুল ও পাতা নিয়মিত সরিয়ে ফেলুন।
২. পিটুনিয়া
- কেমন টব: ৮-১০ ইঞ্চির টব, রেলিং প্ল্যান্টার কিংবা ঝুলন্ত টব ব্যবহার করা যায়।
- কীভাবে বসাবেন: নার্সারি থেকে ছোট চারা এনে মাটি ও কম্পোস্টের মিশ্রণে বসিয়ে দিন। একাধিক চারা লাগালে তাদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখুন।
- যত্ন: প্রতিদিন অন্তত ৫ ঘণ্টা রোদ পেলে ভালো ফুল হয়। তবে টবে যেন জল জমে না থাকে। শুকিয়ে যাওয়া ফুল সরিয়ে দিলে নতুন ফুল ফোটার সুযোগ বাড়ে।
৩. ক্যালেন্ডুলা
- কেমন টব: ৮-১০ ইঞ্চির মাঝারি টব যথেষ্ট।
- কীভাবে বসাবেন: বীজ থেকে অথবা নার্সারির চারা দিয়ে এই গাছ তৈরি করা যায়। বীজ মাটির অল্প গভীরে পুঁতে হালকা জল ছিটিয়ে দিন।
- যত্ন: হালকা থেকে পর্যাপ্ত রোদ প্রয়োজন। মাটি অতিরিক্ত ভিজিয়ে রাখবেন না। ফুল শুকিয়ে গেলে তা তুলে ফেলুন।
৪. ডায়ান্থাস
- কেমন টব: ৬-৮ ইঞ্চির ছোট বা মাঝারি টব ব্যবহার করতে পারেন। লম্বা প্ল্যান্টারেও একাধিক গাছ বসানো যায়।
- কীভাবে বসাবেন: নার্সারির চারা কিনে ঝুরঝুরে ও জল বেরিয়ে যাওয়ার উপযোগী মাটিতে বসান।
- যত্ন: প্রতিদিন কয়েক ঘণ্টা রোদে রাখুন। মাটি শুকিয়ে এলে জল দিন। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।
৫. চন্দ্রমল্লিকা
- কেমন টব: ১০-১২ ইঞ্চির মাঝারি থেকে বড় টব বেছে নিন।
- কীভাবে বসাবেন: নার্সারি থেকে সুস্থ চারা এনে কম্পোস্ট মেশানো মাটিতে বসিয়ে দিন। গাছ বড় হলে প্রয়োজনে একটি কাঠি দিয়ে ঠেস দিতে পারেন।
- যত্ন: পর্যাপ্ত রোদে রাখুন। নিয়মিত জল দিন, তবে মাটিতে জল জমতে দেবেন না। শুকনো ফুল ও পাতা সরিয়ে রাখুন।
শীতকালে অল্প জায়গায় ফলাতে পারেন যে ৬ ধরনের সবজি
শুধু ফুল নয়, বাড়ির ছাদ কিংবা ব্যালকনিতে অল্প জায়গাতেই বেশ কিছু শীতকালীন সবজি ফলানো সম্ভব। কয়েকটি টব কিংবা গ্রো ব্যাগেই তৈরি করে ফেলতে পারেন ছোট্ট কিচেন গার্ডেন।
১. পালং শাক
- কেমন টব: ৬-৮ ইঞ্চি গভীর এবং চওড়া টব বা আয়তাকার প্ল্যান্টার ব্যবহার করুন।
- কীভাবে বসাবেন: সরাসরি মাটিতে বীজ ছড়িয়ে দিন। চারাগুলি একটু বড় হলে প্রয়োজন অনুযায়ী পাতলা করে দিন, যাতে বেড়ে ওঠার জায়গা পায়।
- যত্ন: প্রতিদিন কয়েক ঘণ্টা রোদ প্রয়োজন। মাটি হালকা আর্দ্র রাখুন। পাতা বড় হলে বাইরের দিক থেকে কেটে নিতে পারেন।
২. মেথি শাক
- কেমন টব: ৬-৮ ইঞ্চি গভীর চওড়া টব বা ট্রে ব্যবহার করা যায়।
- কীভাবে বসাবেন: মেথির বীজ সরাসরি মাটিতে ছড়িয়ে অল্প মাটি দিয়ে ঢেকে দিন। খুব ঘন করে বীজ বপন করবেন না।
- যত্ন: টব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো আসে। নিয়মিত অল্প অল্প জল দিন। গাছ বড় হলে শাক কেটে ব্যবহার করতে পারবেন।
৩. ধনেপাতা
- কেমন টব: ৬-৮ ইঞ্চি গভীর চওড়া টব বা লম্বা প্ল্যান্টার নেওয়া ভালো।
- কীভাবে বসাবেন: ধনের বীজ হালকা ভেঙে নিয়ে মাটিতে ছড়িয়ে দিন। তার উপর পাতলা মাটির স্তর দিয়ে জল ছিটিয়ে দিন।
- যত্ন: টব এমন জায়গায় রাখুন যেখানে কয়েক ঘণ্টা রোদ আসে। মাটি শুকিয়ে যেতে দেবেন না, আবার অতিরিক্ত জলও দেবেন না।
৪. মূলো
- কেমন টব: ছোট জাতের মূলোর জন্য অন্তত ৮-১০ ইঞ্চি গভীর টব বা গ্রো ব্যাগ ব্যবহার করুন। লম্বা জাতের ক্ষেত্রে আরও গভীর পাত্র প্রয়োজন।
- কীভাবে বসাবেন: মূলার বীজ সরাসরি টবে বপন করুন। চারাগুলি একটু বড় হলে প্রয়োজনীয় দূরত্ব রেখে অতিরিক্ত চারা তুলে দিন।
- যত্ন: পর্যাপ্ত রোদ এবং ঝুরঝুরে মাটি প্রয়োজন। নিয়মিত জল দিন, যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে। মাটি শক্ত হয়ে গেলে মূলার বৃদ্ধি ব্যাহত হতে পারে।
৫. গাজর
- কেমন টব: অন্তত ১০-১২ ইঞ্চি বা তার বেশি গভীর টব কিংবা গ্রো ব্যাগ ব্যবহার করুন। ছোট জাতের গাজর চাষ করলে অল্প জায়গাতেও সুবিধা হবে।
- কীভাবে বসাবেন: সরাসরি টবে বীজ বপন করুন। মাটি যেন পাথর বা শক্ত মাটির ঢেলা মুক্ত থাকে।
- যত্ন: প্রতিদিন পর্যাপ্ত রোদে রাখুন। মাটিতে নিয়মিত আর্দ্রতা বজায় রাখুন। চারাগুলি ঘন হয়ে গেলে কিছু চারা তুলে ফাঁকা জায়গা করে দিন।
৬. মটরশুঁটি
- কেমন টব: ১২ ইঞ্চি বা তার বেশি গভীর বড় টব কিংবা গ্রো ব্যাগ ব্যবহার করুন।
- কীভাবে বসাবেন: সরাসরি মাটিতে বীজ পুঁতে দিন। একাধিক গাছ থাকলে তাদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখুন। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওঠার জন্য কাঠি বা জাল লাগিয়ে দিন।
- যত্ন: পর্যাপ্ত রোদ ও নিয়মিত জল প্রয়োজন। মাটি শুকিয়ে যেতে দেবেন না। গাছে ফুল ও ফল আসার সময় বিশেষভাবে নজর রাখুন।
ছোট্ট ব্যালকনিতে বাগান তৈরির সময় মাথায় রাখুন এই কয়েকটি বিষয়
১. টবের তলায় ছিদ্র রাখুন: যে ধরনের টবই ব্যবহার করুন না কেন, অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য তলায় ছিদ্র থাকা জরুরি।
২. মাটি তৈরি করুন: বাগানের মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট বা পচা জৈব সার এবং কোকোপিট মিশিয়ে হালকা, ঝুরঝুরে মাটি তৈরি করতে পারেন।
৩. পর্যাপ্ত রোদের ব্যবস্থা করুন: সবজি ও অধিকাংশ শীতকালীন ফুলের গাছের জন্য প্রতিদিন পর্যাপ্ত রোদ প্রয়োজন। তাই টব বসানোর আগে ব্যালকনি বা ছাদের কোন জায়গায় বেশি রোদ আসে, তা দেখে নিন।
৪. অতিরিক্ত জল দেবেন না: শীতকালে মাটি শুকোতে সময় লাগে। তাই নির্দিষ্ট সময় মেনে জল না দিয়ে আগে মাটির উপরিভাগ পরীক্ষা করুন। শুকিয়ে এলে তবেই জল দিন।
৫. জায়গা বুঝে গাছ বসান: ছোট ব্যালকনিতে একসঙ্গে অনেক বড় টব না রেখে রেলিং প্ল্যান্টার, ছোট টব ও ঝুলন্ত টব ব্যবহার করতে পারেন। এতে জায়গার সঠিক ব্যবহার হবে এবং গাছেরও বেড়ে ওঠার সুবিধা হবে।
আরও পড়ুন: বালতির মধ্যেই করা যাবে কলমি শাকের চাষ, জেনে নিন সহজ পদ্ধতি
অল্প জায়গা মানেই যে নিজের পছন্দের বাগান তৈরি করা সম্ভব নয়, এমনটা একেবারেই নয়। সঠিক গাছ নির্বাচন, উপযুক্ত টব এবং সামান্য যত্নেই শীতের মরশুমে নিজের বাড়িতেই ফুটিয়ে তুলতে পারেন নানা রঙের ফুল। পাশাপাশি প্রয়োজনীয় কিছু সবজিও ফলাতে পারবেন নিজের হাতে।


