কালাজ্বর ও চাগাস রোগের মোকাবিলায় গবেষণা, ‘হরাইজন প্রাইজ’ জিতলেন বাঙালি বিজ্ঞানী

Published:

Dr. Pradip Sen

আনিষা চৌধুরী, কলকাতা: দেশের মাটিতে জন্ম নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে নিজের কাজের স্বীকৃতি আদায় করে নেওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশেষ করে সেই সাফল্যের সঙ্গে যখন জড়িয়ে থাকে মানুষের জীবন বাঁচানোর লড়াই, তখন তার গুরুত্ব আরও অনেক গুণ বেড়ে যায়। তেমনই এক কৃতিত্ব অর্জন করেছেন বাঙালি বিজ্ঞানী ও ইমিউনোলজিস্ট ড. প্রদীপ সেন (Dr. Pradip Sen)। সংক্রামক রোগ নিয়ে তাঁর দীর্ঘদিনের গবেষণা এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালে রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির মর্যাদাপূর্ণ হরাইজন প্রাইজে সম্মানিত হয়েছেন তিনি।

ক্যানসার নিয়েও গবেষণা করছেন তিনি

বর্তমানে চণ্ডীগড়ের সিএসআইআর-ইনস্টিটিউট অব মাইক্রোবিয়াল টেকনোলজি (আইএমটেক)-এ সায়েন্টিস্ট-জি হিসেবে কর্মরত প্রদীপ সেন। মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থা এবং সংক্রামক রোগের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করাই তাঁর গবেষণার মূল ক্ষেত্র। পাশাপাশি ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসা নিয়েও গবেষণার সঙ্গে যুক্ত তিনি।

২০২৬ সালের জুন মাসে ঘোষিত এই পুরস্কারটি কোনও একক বিজ্ঞানীর জন্য নয়, বরং ৫১ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক গবেষক দলের সম্মিলিত কাজের স্বীকৃতি। ডারহাম ইউনিভার্সিটির নেতৃত্বে গঠিত এই দল কালাজ্বর বা ভিসেরাল লিশম্যানিয়াসিস এবং চাগাস রোগের বিরুদ্ধে নতুন ওষুধ তৈরির সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত ও যাচাই করেছে। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির তথ্য অনুযায়ী, এই দুটি রোগে বিশ্বজুড়ে ২ কোটিরও বেশি মানুষ আক্রান্ত।

এই গবেষণায় প্রদীপ সেনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর গবেষণার অন্যতম বিষয় হল লিশম্যানিয়া ডোনোভানি নামের পরজীবী কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে এবং রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে সংক্রমণ ছড়ায় সেটা পর্যবেক্ষণ করা। এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা গেলে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: মাত্র ৫৭৭ টাকা জমিয়ে প্রতি মাসে ৫ হাজার পেনশন, কেন্দ্রের এই প্রকল্প দিচ্ছে বিশেষ সুবিধা

তাঁর পড়াশোনার শুরু কৃষিবিদ্যা দিয়ে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারে স্নাতক হওয়ার পর কলকাতার সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির মাধ্যমে পিএইচডি সম্পূর্ণ করেন তিনি। এরপর আমেরিকার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিলে পোস্টডক্টরাল গবেষণা করেন। ২০০৫ সালে যোগ দেন আইএমটেক-এ। চিকিৎসা বিজ্ঞানে তাঁর অবদান সর্বদা অবিস্মরণীয়।

google button