দ্বিতীয় টেস্টে বিপর্যয়, ৫ উইকেট তুলেও ম্যাচের মাঝপথে বাদ পড়লেন আকাশদীপ

Published:

Akash Deep

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল হাতে পাঁচটি উইকেট তুলেছিলেন তিনি। তাঁর দাপটেই 356 রানে থেমে গিয়েছিল কিউইদের দাপাদাপি। শুধু উইকেট নয় এদিন ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলের স্কোরবোর্ডে 29 রানও যোগ করেছিলেন আকাশদীপ (Akash Deep)। এসব সত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে হঠাৎ বাদ দেওয়া হল তাঁকে। ক্রাইস্টচার্চ টেস্টে নিজের সর্বস্ব উজাড় করে দিলেও বিপর্যয়ের কবলে পড়লেন আকাশ। যার জেরে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে বদলি হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে নামানো হয়।

কেন মাঠ থেকে তুলে নেওয়া হলো আকাশদীপকে?

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের পাঁচটি উইকেট ভাঙার পাশাপাশি রবিবার সকালে দলের কঠিন সময়ে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন আকাশ। প্রয়োজন মতো রানও তুলছিলেন তিনি। তবে আচমকা ব্যাটিং করতে গিয়ে দুটি বাউন্সার লাগে বাংলার পেসারের হেলমেটে। নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসনের বাউন্সার আকাশের হেলমেটে সজোরে আঘাত করতেই চোখে খানিকটা ঘোলা ঘোলা লাগছিল তাঁর। তড়িঘড়ি ভারতীয় ক্রিকেটারের কনকাশন টেস্ট করানো হয়।

এদিন, ম্যাচ চলাকালীন ভারতীয় পেসারের কনকাশন টেস্ট করাতেই ধরা পড়ে সমস্যা। শারীরিকভাবেও আরেকটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল খেলোয়াড়ের। যার কারণে শেষ পর্যন্ত তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তড়িঘড়ি আকাশদীপকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং ভারতীয় ক্রিকেটারের বদলি অর্থাৎ কনকাশন সাব হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামানো হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে। বর্তমানে তিনিই কিউইদের বিরুদ্ধে খেলছেন।

আরও পড়ুন: ডার্বির আগে মোহনবাগান ভক্তদের জন্য খারাপ খবর, সুবিধা হয়ে গেল ইস্টবেঙ্গলের

উল্লেখ্য, কিছুদিন আগেই আকাশদীপকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের ধরে রাখা প্লেয়ারদের তালিকায় বাংলার এই বোলারকে জায়গা দেয়নি শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। মজার বিষয়, তারপর থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে তান্ডবলীলা চালিয়েছেন আকাশ। বল হাতে তুলে নিয়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট। প্রমাণ করেছেন নিজেকে।

google button