বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা রাজ্যের! ৫৩৬ নাকি ৬০৫, কোন সূচকে হবে হিসাব?

Published:

সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Bengal DA Case) বকেয়া নিয়ে ফের গুরুত্বপূর্ণ মোড়। সুপ্রিম কোর্টের ( Supreme Court of India)নির্দেশে গঠিত মনিটরিং কমিটির সামনে রাজ্য সরকারের তরফে হলফনামা জমা দিয়ে বকেয়া ডিএ গণনা ও পরিশোধের পদ্ধতি সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিশেষ করে ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া হিসাবের ক্ষেত্রে ৫৩৬ নাকি ৬০৫—কোন ভিত্তি সূচক ব্যবহার করা হবে, তা নিয়েই মূল বিতর্ক।

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা রাজ্যের!

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের পক্ষ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জমা দেওয়া লিখিত আবেদনের জবাবে রাজ্য এই হলফনামা দিয়েছে। কনফেডারেশনের দাবি, ২০০৮-২০১৯ সালের বকেয়া ডিএ ৫৩৬ ভিত্তি সূচক ধরে AICPI অনুযায়ী হিসাব করতে হবে। পাশাপাশি বছরে অন্তত দু’বার ডিএ প্রদান, গ্রান্ট-ইন-এইড, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের অন্তর্ভুক্তি এবং অভিযোগ জানানোর জন্য পোর্টাল চালুর দাবিও জানানো হয়েছে।

কী বলছে রাজ্য সরকার?

রাজ্য সরকারের (Government of West Bengal) বক্তব্য, ডিএ গণনার ক্ষেত্রে AICPI বা সর্বভারতীয় শিল্প শ্রমিকের ভোক্তা মূল্য সূচকই মানদণ্ড। সেই অনুযায়ী বকেয়া হিসাব ও অর্থপ্রদান করা হয়েছে। তবে ভিত্তি সূচক হিসেবে রাজ্য ৬০৫ ব্যবহার করেছে। সরকারের যুক্তি, ডিএ চক্রটি ১ এপ্রিল ২০০৮ থেকে শুরু হওয়ায় ২০০৭ সালের গড় AICPI সূচক ৬০৫ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, কর্মচারী সংগঠনের দাবি, ২০০৫ সালের গড় সূচক ৫৩৬ ধরে হিসাব করা উচিত।

আরও পড়ুন: মাত্র ৫৭৭ টাকা করে জমিয়ে প্রতি মাসে ৫ হাজার পেনশন, কেন্দ্রের এই প্রকল্প দিচ্ছে বিশেষ সুবিধা

রাজ্য আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১০০ শতাংশ AICPI নিউট্রালাইজেশন অনুযায়ী অর্থপ্রদান করা হয়েছে। তবে মোট প্রদেয় অর্থ নির্ধারণের ক্ষেত্রে FRBM সীমা বিবেচনা করে নিউট্রালাইজেশনের পরিমাণ ৮৫ শতাংশ ধরার প্রস্তাবও রাজ্য সুপ্রিম কোর্ট ও কমিটির সামনে রেখেছে।

হলফনামায় রাজ্য স্পষ্ট করেছে, অনুদানপ্রাপ্ত, চুক্তিভিত্তিক এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা এই মামলার বর্তমান পর্যায়ে পক্ষভুক্ত নন। তাই তাঁদের অন্তর্ভুক্তির বিষয়টি এই রায় ও কমিটির এখতিয়ারের বাইরে বলে দাবি করেছে সরকার। তবে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে রাজ্য স্বেচ্ছায় সমতা দিয়েছে বলেও জানানো হয়েছে। বছরে দু’বার ডিএ দেওয়ার দাবির প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, এ বিষয়ে কোনও বাধ্যতামূলক নিয়ম নেই। অর্থপ্রদানের পদ্ধতি ও সময়সূচি মনিটরিং কমিটির নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে।

google button