অনন্যা সরকার, কলকাতা: ভারতে ইউপিআই (UPI)-এর ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে অর্থ লেনদেন করা অনেক সহজ হয়ে উঠেছে। যেকোনো ইউপিআই অ্যাপে অটো-পেমেন্ট ( UPI Auto Pay) সেটআপ করা খুবই সহজ। তবে অ্যাপ পরিবর্তন করলে তা পরিচালনা করা ততটাই জটিল হয়ে ওঠে। কোনও ব্যবহারকারী যদি তাঁর ওটিটি সাবস্ক্রিপশন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা মিউচুয়াল ফান্ড এসআইপি-এর জন্য ইতিমধ্যেই ফোনপে (PhonePe) বা গুগল পে (Google Pay)-তে অটো-পে সেট করে রাখেন, তাহলে এখন থেকে আর তাঁকে অ্যাপ পরিবর্তন করার সময় পুরোনো অটো-পে বাতিল করে নতুন করে ম্যান্ডেট তৈরি করতে হবে না। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অটো-পে ফিচারটিকে ইন্টারঅপারেবল করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, অটো পেমেন্ট আর একটি নির্দিষ্ট অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, স্বয়ংক্রিয়ভাবে অন্য অ্যাপেও পরিচালনা করা যাবে।
UPI অ্যাপগুলিতে ইন্টারঅপারেবিলিটি চালু করতে চলেছে NPCI?
ইন্টারঅপারেবিলিটি হল এমন একটি ফিচার, যার দ্বারা বিভিন্ন ইউপিআই অ্যাপের মধ্যে নির্বিঘ্নে ডেটা আদান-প্রদান করা যাবে। প্রথমদিকে যেমন, কিউআর কোডগুলো শুধুমাত্র যে অ্যাপ থেকে ইস্যু করা হতো, সেই অ্যাপ দিয়েই স্ক্যান করা যেত, পরে সেগুলোকে সব ইউপিআই অ্যাপের জন্যই সার্বজনীন করে তোলা হয়। সেরকমভাবেই, নতুন পরিবর্তনের ফলে অ্যাক্টিভ ম্যান্ডেটগুলো যেকোনো ইউপিআই অ্যাপ থেকে দেখা ও পরিচালনা করা যাবে। এগুলিকে অন্য অ্যাপেও স্থানান্তর বা পোর্ট করা সম্ভব হবে।
এই পরিবর্তনের ফলে, ইউজাররা যেকোনো নতুন বা পুরোনো ইউপিআই অ্যাপ থেকে একটিমাত্র স্ক্রিনেই তাদের সমস্ত সক্রিয় ম্যান্ডেট, ডেবিট এবং আগের সাবস্ক্রিপশনগুলি ট্র্যাক করতে পারবেন। এরপর যদি কোনো ইউজার অন্য কোনও অ্যাপে ম্যান্ডেট পোর্ট করেন, তাহলে পেমেন্ট সেই অ্যাকাউন্ট থেকেই কাটা হবে, যা তিনি প্রাথমিকভাবে অনুমোদন করেছিলেন। অর্থাৎ, সাধারণ ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র ম্যান্ডেট ম্যানেজমেন্ট ইন্টারফেসেই বদল আসবে, এর অন্তর্নিহিত ব্যাংকিং রাউটিং নয়। এর ফলে, অ্যাপ পরিবর্তন করার সময় একজন সাধারণ ব্যবহারকারীকে আর সাবস্ক্রিপশন বা লোন পরিশোধের তথ্য নতুন করে রেজিস্টার করার প্রয়োজন নেই।
আরও পড়ুন: এবার উজবেকিস্তানেও চলবে ভারতের UPI, বিরাট চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর
উল্লেখযোগ্যভাবে, এই পরিবর্তনটি শুধু গ্রাহকদের অ্যাপগুলোকেই নয়, বরং ব্যাকএন্ড পেমেন্ট গেটওয়েগুলোকেও প্রভাবিত করবে। মার্চেন্টরা তাদের সমস্ত পুরোনো ও নতুন সবধরনের সক্রিয় ম্যান্ডেট একটি পেমেন্ট গেটওয়ে থেকে অন্যটিতে স্থানান্তর করতে পারবেন। গ্রাহকদের কোনও নতুন অনুমোদন দেওয়ার প্রয়োজন হবে না।
এই ফিচারটির বাস্তবায়নের জন্য, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার, অর্থাৎ ইউপিআই অ্যাপগুলোকে তাদের প্রযুক্তিগত কাঠামোতে উল্লেখযোগ্য বদল আনতে হবে। অটো-পে-এর মাধ্যমে পেমেন্ট অ্যাপগুলো যাতে ইউজারদের তাদের অ্যাপেই আটকে না ফলে, সেজন্য এই ব্যবস্থায় এখন বদল আনছে এনপিসিআই। শোনা যাচ্ছে আগামী মাসে মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টে (Global Fintech Fest) এই ফিচারটি লঞ্চ করা হবে।










