সৌন্দর্য উজাড় করে দিয়েছে প্রকৃতি, স্ট্রেস ভুলতে ঘুরে আসুন ডুয়ার্সের ‘গাহুনবাড়ি’ থেকে

Published:

Dooars Gahunbari

সহেলি মিত্র, কলকাতা: উত্তরবঙ্গ ঘুরতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে পাহাড়প্রেমীদের বছরে ৪ থেকে ৫ বার পাহাড় না গেলে ঠিক একটা জমে না। তবে উত্তরবঙ্গ মানেই তো হল সেই দার্জিলিং, কালিম্পং নয়তো সিকিম। কিন্তু আর নয়, ভুলে যান এসব।  আজ আপনাদের সকলের প্ৰিয় উত্তরবঙ্গের (Offbeat North Bengal) এমন এক অফবিট ডেস্টিনেশন সম্পর্কে তথ্য দেব যার নাম না আপনি কখনো শুনেছেন না গিয়েছেন। আজ আপনাদের বলব ডুয়ার্সের (Dooars) অফবিট জায়গা ‘গাহুনবাড়ি’ (Gahunbari) সম্পর্কে।

গরমে ঘুরে আসুন অফবিট গাহুনবাড়ি

গাহুনবাড়ি হল চেনা ডুয়ার্সের একদম অফবিট অচেনা জায়গা। গাহুনবাড়ি অথবা গাওবাড়ি ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি শান্ত, সম্প্রতি আবিষ্কৃত গ্রাম, যা ভুটান ও সিকিমের সীমার কাছে অবস্থিত। এর মনোরম সৌন্দর্য, চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘার কিছু সুন্দর ও ঝকঝকে দৃশ্যের জন্য পরিচিত, এটি শান্তিপূর্ণ জায়গা। এখান থেকে আপনি সহজেই ঝালং, বিন্দু এবং চাপরামাড়ি/গোরুমারা বনাঞ্চলে প্রবেশ করতে পারবেন। গাহুনবাড়ি এক পরিপূর্ণ প্রশান্তি প্রদান করবে আপনাকে যা এখনকার ব্যস্ততম লাইফের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এখানে এলে মনে হবে প্রকৃতি নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে।

কী কী দেখবেন?

চাপরামারি এবং গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলের মধ্য দিয়ে গ্রামে পৌঁছানোর পর থেকেই দর্শনীয় স্থান ভ্রমণ শুরু হবে। এই গন্তব্যের দিকে যাত্রাপথটি কিছু মনোরম দৃশ্য-এ পরিপূর্ণ। এখানকার এই সুন্দর ল্যান্ডস্কেপ হয়তো আপনি আগে কোথাও দেখেননি। এখানকার পাহাড় প্রকৃতি সবকিছু আপনার চোখ জুড়িয়ে দেবে। এছাড়াও, গাহুনবাড়ি যাওয়ার পথে, চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য মূর্তি নদীর তীরে থামতে পারেন। সেখানে জলে পা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন। সে এক আলাদাই অনুভূতি দেবে আপনাকে।

আরও পড়ুনঃ দাম শুরু ৩৮০০ টাকা থেকে, গরমে কিনুন সেরা মিনি এসি, ঘর থাকবে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’

কাছাকাছি সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখা যেতে পারে। ভুটান সীমান্তের কাছে অবস্থিত ছোট্ট শহর বিন্দু ঘুরে দেখতে পারেন। জলঢাকা নদীর উপর নির্মিত বিন্দু বাঁধ এখানকার একটি প্রধান আকর্ষণ, অগুনতি পরিযায়ী পাখিকে আকর্ষণ করে। ঝালং এবং পারেন সহ গ্রামের কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলোও ঘুরে দেখার মতো।

গাহুনবাড়িতে কীভাবে পৌঁছাবেন?

গাহুনবাড়ি পৌঁছানো আপনার ভাবনার মতো অতটাও কঠিন নয়। এটি একটি অফবিট গন্তব্য হওয়া সত্ত্বেও, সড়কপথে এর যোগাযোগ ব্যবস্থা দারুণ। আপনাকে নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত ট্রেনে অথবা বাগডোগরা বিমানবন্দরে ফ্লাইটে যেতে হবে। বাগডোগরা বিমানবন্দর, এনজেপি বা শিলিগুড়ি থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত গাহুনবাড়ি পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়।