পার্লার নয়, ঘরোয়া যত্নেই কমবে চুল পড়া, রইল ৪ টিপস

Published:

Hair Fall Problems

প্রীতি পোদ্দার, কলকাতা: মাথায় হাত দিলেই যেন গোছা গোছা চুল উঠে আসছে (Hair Fall Problems)। শুধু তাই নয় চুলের ফাঁকে দেখা দিচ্ছে টাক। অনেকের এই সমস্যা যেমন সারা বছর থাকে ঠিক তেমনই আবার অনেকের এই সমস্যা থাকে গরম এবং বর্ষায়। কারণ এই সময় চুলের (Hair) গোড়ায় ঘাম জমে থাকলে অথবা দীর্ঘক্ষণ ভিজে থাকলে সংক্রমণের আশঙ্কা বাড়ে। এতে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। পার্লার ট্রিটমেন্ট করেও কোনো লাভ হয় না। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন বেশ কয়েকটি টিপস নিয়ে এসেছে যা চুলের গোড়া মজবুত রাখবে।

পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার

অনেক ক্ষেত্রে হরমোনের ভারসাম্যের তারতম্যের কারণে চুল ঝরে, তাই বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন কিছু খাবার নিয়মিত খাওয়া প্রয়োজন। প্রোটিন, আয়রন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টি অক্সিড্যান্টস, বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া উচিত। যেমন পালং, নটে শাক, বিন‌্স, গাজর, মাছ, মাংস, ডিম, ডাল, সোয়াবিন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে।

চুলে তেল মাখা জরুরি

চুল পড়া বন্ধ করতে তেল মাখা জরুরি। চুল অনুযায়ী নারকেল তেল, আমন্ড তেল, অলিভ অয়েল তেল বেছে নিতে পারেন। তেলে মেথি দানা ও কারি পাতা ফুটিয়ে মাখতে পারেন। আমলকি তেলের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন। তেল মাথায় মাখার আগে হালকা গরম করে নেবেন, তারপর স্ক্যাল্পে ম্যাসাজ করে নিলে চুল ভালো থাকে।

চুলের সঠিক যত্ন

অনেকেই চুল না শুকিয়ে বাইরে বেরিয়ে যান। এতে দিনভর গোড়া ভিজে থাকলে চুল পড়ার প্রবণতা বেড়ে যায়, তাই এই কাজ করা উচিত নয়। সারাদিন পর এসে চুল ভাল করে আঁচড়ে নিতে হবে। তবে জট ছাড়াতে গিয়ে নজর দিতে হবে যেন গোড়ায় বেশি চাপ না পড়ে। এছাড়াও সপ্তাহে ২-৩ দিন মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন: তীব্র গরমে কমে যাচ্ছে খিদে? খাদ্যাভাসে মেনে চলুন এই টিপস

হেয়ার প্যাকের ব্যবহার

স্ক্যাল্পের যত্ন নিতে হলে ভালো ভালো হেয়ার প্যাক মাখতে হবে। তার মধ্যে একটি খুবই কার্যকরী প্যাক হল অ্যালোভেরা জেলের প্যাক। চুল ভালো রাখতে অ্যালোভেরার জুরি মেলা ভার। এই বৃষ্টিতে, রোদে, দূষণে চুলের বারোটা বাজেই। তাই সেক্ষেত্রে ছুটির দিনে চুলে মধু ও ক্যাস্টর অয়েল দিয়ে অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করে নিন।