আনিষা চৌধুরী, কলকাতা: আপনার বাড়িতে কি পাঁচ বছরের কম বয়সি সন্তান রয়েছে? কিন্তু এখনও তার আধার কার্ড তৈরি হয়নি? এবার শিশুর আধার তৈরির জন্য বারবার আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। আর কোথাও ছোটাছুটির দরকার নেই। এখন ভারতীয় ডাক বিভাগের বিশেষ পরিষেবার মাধ্যমে বাড়িতে থেকেই শিশুর ‘বাল আধার’-এর (Blue Aadhaar) জন্য আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ডাক বিভাগের কর্মী বাড়িতে এসে শিশুর আধার এনরোলমেন্টের সমস্ত কাজ সম্পূর্ণ করবেন। ফলে ছোট শিশুকে সঙ্গে নিয়ে আধার কেন্দ্রে যাওয়ার ঝামেলাও অনেকটাই কমবে।
কী এই ব্লু আধার?
পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি আধারকেই সাধারণত ‘ব্লু আধার’ বা ‘বাল আধার’ বলা হয়। এই কার্ডটি বানাতে কিন্তু প্রাপ্তবয়স্কদের মতন শিশুর আঙুলের ছাপ বা চোখের মণির বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। বরং শিশুর প্রয়োজনীয় পরিচয় ও জনসংখ্যাগত তথ্যের সঙ্গে বাবা অথবা মায়ের আধার নম্বরের তথ্য যুক্ত করে এই আধার তৈরি করা হয়। তবে নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার পর শিশুর আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করানো বাধ্যতামূলক। পরবর্তীতে ১৫ বছর বয়সের পরও ফের বায়োমেট্রিক আপডেট করতে হয়।
বাল আধারের জন্য বাড়িতে বসেই আবেদন করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে PostInfo অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি খুলে সার্ভিস রিকোয়েস্ট (Service Request) বিভাগে গিয়ে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর সার্ভিসের তালিকা থেকে ‘IPPB Aadhaar Service’ বেছে নিয়ে চাইল্ড আধার এনরোলমেন্ট অপশনে ক্লিক করতে হবে। আবেদনকারীর মোবাইলে আসা OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে আবেদনটি জমা করতে হবে। আবেদন গ্রহণের পর ডাক বিভাগের কর্মী বাড়িতে এসে শিশুর আধার এনরোলমেন্টের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও পড়ুন: আরসালান থেকে শিমলা বিরিয়ানি, করমিস! পুজোর আগে তালা ঝুলল শহরের ৪০টি রেস্তোরাঁয়
কী কী নথি লাগবে?
শিশুর বাল আধার তৈরির জন্য মূলত শিশুর জন্মের শংসাপত্র, বাবা অথবা মায়ের আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হবে। আবেদন করার সময় সমস্ত তথ্য ও নথি সঠিকভাবে দেওয়া জরুরি। বিশেষ করে শিশুর বয়স পাঁচ বছরের কম কি না, তা নিশ্চিত করে আবেদন করতে হবে। আর পাঁচ বছর পূর্ণ হলে আধারে শিশুর বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে ভুললে চলবে না।









