সৌভিক মুখার্জী, কলকাতা: যে হারে গরম পড়ছে তাতে ঘরে এসি (Air Conditioning) ছাড়া টেকাই দুষ্কর। ফ্যানের হাওয়া একেবারে গুমোট গরম। কিন্তু এসি চালানো আবার সবার পক্ষে সম্ভব নয়। কারণ, মাস শেষে বিদ্যুতের বিল চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে আজ এমন কিছু ট্রিক্স দেব, যেগুলি মেনে যদি এসে চালাতে পারেন তাহলে বিদ্যুতের বিল নিয়ে কোনও চিন্তা করতে হবে না। মাস শেষে অর্ধেক আসবে ইলেকট্রিক বিল (Electric Bill)। এমনকি ঘরও দ্রুত ঠান্ডা থাকবে, আর একই সঙ্গে পকেট বাঁচবে।
এসি চালু করার আগেই করুন এই কাজ
ঘরে যত জিনিসপত্র বেশি থাকবে, তত ঘর ঠান্ডা হতে সময় বেশি লাগবে। সেক্ষেত্রে এসির উপর চাপ বেশি পড়বে, এবং এসি বেশি বিদ্যুৎ খরচ করবে। তাই ঘরের দেওয়াল বা মেঝে থেকে আসবাবপত্র সরিয়ে ফেলার চেষ্টা করুন। প্রয়োজনের থেকে বেশি জিনিসপত্র ঘরে রাখবেন না। এসি চালু করার আগে অবশ্যই ঘরে সঠিকভাবে বায়ু চলাচলের জন্য পরিবেশ নিশ্চিত করুন। আগে ঘরের গরম বাতাস বের করার জন্য জানলা দরজা খুলে দিন। তারপর এসি চালিয়ে সেই দরজা জানালা বন্ধ করে দিন, এবং ভারী পর্দা টেনে দেওয়ার চেষ্টা করুন, যাতে ঠান্ডা হাওয়া বেরোতে না পারে।
সঠিকভাবে ফ্যান চালান
শুধু এসি চালালেই হবে না। এসির সঙ্গে ঘরের ফ্যানটাও একটু কম স্পিডে চালানোর চেষ্টা করুন। এতে ঘর খুব দ্রুত ঠান্ডা হবে এবং এসিকে বেশি পরিমাণে শক্তি খরচ করতে হবে না। এটি করলে ঘরে বায়ু চলাচল ঠিক থাকবে, এবং এসির উপর বাড়তি চাপ পড়বে না। যার কারণে বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এসি চালান
অনেকে দ্রুত ঘর ঠান্ডা রাখার জন্য ১৬ বা ১৮ ডিগ্রিতে এসি চালিয়ে দেন। কিন্তু এটাই সবথেকে বড় ভুল। কারণ, এসি যত কম তাপমাত্রায় চালাবেন তত বিদ্যুৎ এর বিল বেশি আসবে। তাই এসি চালানোর ক্ষেত্রে ২৪ ডিগ্রি তাপমাত্রা মেইন্টেন করুন। ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসির তাপমাত্রা সেট করুন, এবং ঘরে আস্তে করে ফ্যান চালান। তাহলে ঘরও ঠান্ডা থাকবে এবং এসির উপর বেশি চাপ পড়বে না। এটি করলে বিদ্যুতের বিলের উপর অতটাও চাপ পড়বে না।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৮.১১% অবধি সুদ, দারুণ অফার দিচ্ছে এই ব্যাঙ্কগুলি
নিয়মিত পরিষ্কার করুন
বছরের পর বছর ধরে চালিয়ে গেলাম, অথচ এসিটিকে একবারও পরিষ্কার করলাম না, এমন ভাবলে ভুল। কারণ, এসির কম্প্রেসারের ভিতরে নিয়মিত ময়লা বা ধুলো জমে। আর যত ময়লা জমবে, তত এসিকে বেশি পরিমাণ শক্তি ক্ষয় করতে হবে। যার কারণে বিদ্যুতের বিল বেশি আসবে। তাই এসি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এমনকি নিয়মিত খুলে কম্প্রেসার ভালো করে মুছুন।










