অ্যান্টিলিয়াতে প্রতিদিন বানানো হয় ৪০০০ রুটি, আম্বানি পরিবারের খাবারের মেনু জানেন?

Published:

Mukesh Ambani

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) জীবনযাত্রা মানেই যেন আভিজাত্যের ছোঁয়া। তবে আপনি কি জানেন, বিলাসিতার শিখরে থাকলেও আম্বানি পরিবার আদতে সাধারণ খাবারেই বিশ্বাসী। হ্যাঁ, দক্ষিণ মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে অবস্থিত তাঁদের সেই ২৭ তলার বাসভবন অ্যান্টিলিয়াতে (Antilia) প্রতিদিন নাকি কয়েক হাজার রুটি তৈরি হয়। আর এই বিপুল আয়োজনের পেছনে রয়েছে একাধিক মানবিক কারণ।

প্রতিদিন হাজার হাজার রুটি তৈরি হয় অ্যান্টিলিয়াতে

আসলে মুকেশ আম্বানির বাড়িতে শুধুমাত্র তাঁর পরিবার নয়, বরং বিশাল এই প্রাসাদের দেখভাল করার জন্য প্রায় ৬০০ জন কর্মী নিযুক্ত রয়েছেন। যাদের মধ্যে নিরাপত্তা রক্ষী, পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক, রাঁধুনী এবং ব্যক্তিগত সহকারীরাও থাকেন। অ্যান্টিলিয়াতে কর্মরত কর্মীদের প্রত্যেকের জন্যই প্রতিদিন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। আর এই কর্মীদের আহারের জন্যই প্রতিদিন আনুমানিক ৪০০০ রুটি বানানো হয় বলে খবর। এমনকি বিপুল পরিমাণ রুটি তৈরির জন্য অত্যাধুনিক মেশিন রয়েছে, যা কয়েক মিনিটের মধ্যে মধ্যেই কয়েকশো রুটি তৈরি করতে পারে।

কত বেতন পান আম্বানির বাড়ির রাঁধুনী?

বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আম্বানি পরিবারের রান্নাঘরে কর্মরত প্রধান সেফদের বেতন বড় বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকেও অনেকটাই বেশি। আর রুটি তৈরির দায়িত্বে থাকা দক্ষ সেফের মাসিক বেতন কয়েক লক্ষ টাকা পর্যন্ত বলে জানা গিয়েছে। এমনকি প্রতিটি রুটির আকার, গঠন ও স্বাদ যাতে নিখুঁত হয়, সেদিকেও বিশেষ নজরদারি করা হয়।

আরও পড়ুন: বন্ধ হরমুজ, মাথায় বাজ বাংলার মৎস্য ব্যবসায়ীদের! পাতে নাও পড়তে পারে এইসব মাছ

মুকেশ ও নীতা আম্বানির প্রতিদিনের মেনু

বলে দিই, আম্বানি পরিবারের প্রতিটি সদস্যই খাদ্য রসিক হলেও তাঁরা দুজন ভেজিটেরিয়ান। তাঁদের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে পুষ্টিকর ও সাধারণ খাবার। সকালের জলখাবারে মুকেশ আম্বানি পেপের রস এবং ইডলি-সাম্বার খেতে পছন্দ করেন। অন্যদিকে নিতা আম্বানি ফলের রস ও ড্রাই ফ্রুট দিয়েই সকালে জলখাবার সারেন। দুপুরে লাঞ্চে থাকে ডাল, ভাত, সবজি, রুটি, স্যুপ এবং স্যালাড। তাঁদের বাড়িতে ডাল সাধারণত গুজরাটি স্টাইলে রান্না হয়। আর রাতের ডিনারে থাকে হালকা খাবার। সাধারণত জোয়ার বা বাজরার রুটি, গুজরাটি ঘরানার সবজি এবং ফ্রেশ স্যালাড থাকে তাঁদের রাতের মেনুতে।