সহেলি মিত্র, কলকাতা: এলআইসিতে (Life Insurance Corporation) বিনিয়োগকারী থেকে শুরু করে এজেন্টদের জন্য রইল সুখবর। সকলের সুবিধার্থে LIC-র তরফে দুটি বিশেষ অ্যাপ (LIC New App) লঞ্চ করা হয়েছে। এই নতুন দুটি অ্যাপের ফলে একদিকে যেমন বীমা সাবমিট করতে সুবিধা হবে, তেমনই সুবিধা হবে আরও অনেক কিছুর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দুটি অ্যাপ লঞ্চ করল LIC
বলতে গেলে সরকারি খাতের জীবন বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের ডিজিটাল যাত্রায় আরও এক ধাপ এগিয়েছে। বুধবার সংস্থাটি পলিসি হোল্ডার এবং মার্কেটিং কর্মীদের জন্য দুটি মোবাইল অ্যাপ চালু করেছে। গ্রাহকদের জন্য ‘MyLIC’ এবং মার্কেটিং কর্মীদের (এজেন্টদের) জন্য ‘Super Sales Saathi’ নামে এই অ্যাপগুলো লঞ্চ করেছে বলে খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব নাগারাজু এই অ্যাপগুলো চালু করেন।
এলআইসির তরফে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এলআইসি-র সিইও এবং এমডি আর. দোরাইস্বামী, ম্যানেজিং ডিরেক্টর দীনেশ পান্ত, রত্নাকর পট্টনায়ক, আর. চন্দর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। গ্রাহকদের সুবিধা বৃদ্ধি এবং মার্কেটিং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, দেশজুড়ে অফিসের উপর নির্ভরতা কমাতে এবং পরিচালনগত দক্ষতা বাড়ানোর জন্য এলআইসি-র গৃহীত ‘DIVE’ প্রকল্পের ক্ষেত্রে এটি একটি বড় কৌশলগত পরিবর্তন।
প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন নাগারাজু। তিনি জানান, ‘এলআইসি-র ডিজিটাল ব্যবস্থা এখন শুধু পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। এই দুটি মোবাইল অ্যাপ কোম্পানির প্রবৃদ্ধি ও পরিষেবার কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ অন্যদিকে এমডি আর. দোরাইস্বামী বলেন, এই অ্যাপগুলো পলিসি হোল্ডার এবং এজেন্টদের একটি নতুন অভিজ্ঞতা দেবে।
কীভাবে কাজ করবে MyLIC?
MyLIC-এ পলিসিধারীরা সহজেই তাদের বীমা পলিসি পরিচালনা করতে পারেন। তারা অনলাইনে তাৎক্ষণিকভাবে প্রিমিয়াম শোধ করতে পারেন। তারা পলিসি থেকে ঋণ নিতে পারেন। তারা মেয়াদোত্তীর্ণ পলিসি রিনিউ করতে পারেন। তারা নতুন পলিসি সম্পর্কে জানতে পারেন। তারা মুহূর্তের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন।
আরও পড়ুনঃ শীঘ্রই ছুটবে ট্রেন! বালুরঘাট-হিলি রেল প্রকল্পে আত্রাই নদীর উপর শুরু ব্রিজের কাজ
কীভাবে কাজ করবে Super Sales Saathi?
সুপার সেলস সাথী-তে আধুনিক ডিজিটাল সেলস টুলস রয়েছে। পলিসির স্ট্যাটাস সময়ে সময়ে চেক করা যায়। পলিসিধারীদের প্রিমিয়াম পরিশোধের বিবরণ সম্পর্কে এজেন্টদের অবহিত রাখা হয়। পলিসিধারীদের আরও ভালো পরামর্শ দেওয়ার জন্য এআই-ভিত্তিক সাজেশন ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য এবং অর্জন দেখার জন্য একটি ড্যাশবোর্ড রয়েছে।










