অনন্যা সরকার, কলকাতাঃ অনলাইনে গীতার জ্ঞান প্রচারের আড়ালে ২৯ বছর বয়সী আইআইটি পাশ স্বঘোষিত ‘বাবা’ দীর্ঘদিন ধরে মহিলাদের বানিয়েছিল তার শিকার। অবশেষে মথুরা থেকে ‘আদিকর্তা নারায়ন দাস’ ওরফে বাবা অভিষেক মিশ্রকে (Abhishek Mishra) গ্রেফতার করল পুলিশ। ওড়িশা নিবাসী অভিষেকের আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে। তবে সে গত চার বছর ধরে মথুরার রাধাকুঞ্জে ঘাঁটি গেড়ে অসাধু ব্যবসা চালাচ্ছিল। ছত্রিশগড়ের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
কেমন করে ধর্মের ব্যবসা ফেঁদেছিল অভিষেক মিশ্র?
শুরুতে IIT পাস করার পর একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে যোগ দেয় অভিষেক মিশ্র। কিন্তু কিছুদিন বাদেই চাকরি ছেড়ে কথাবাচক রূপে নতুন পরিচয়ে মথুরার রাধাকুঞ্জ অঞ্চলে বসবাস শুরু করে সে। নিজের পরিচিতি বাড়াতে ‘রাধা কৃপা অমৃত’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করে অভিষেক। সেখানে হিন্দি ও ইংরেজিতে ধর্মোপদেশ প্রচার করতো। আসলে ধর্মগুরুর পরিচয়ের আড়ালে নোংরা খেলা খেলছিল এই তথাকথিত ‘বাবা’। তার আসল টার্গেট ছিল অল্প বয়সী মহিলারা, বিশেষত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকা যুবতীরা।
পুলিশের সন্দেহ প্রথমে অভিষেক মিশ্র তার অনলাইন ভিডিওর মাধ্যমে বিভিন্ন মহিলাদের সাথে যোগাযোগ তৈরি করতো। তারপর ধীরে ধীরে তাদের পরিবারের সাথে যোগাযোগ ছিন্ন করে তাদের তার সাথে থাকতে বাধ্য করতো। এইভাবে এক সময় তার মথুরার বাড়িতে প্রায় ২৪ জন যুবক-যুবতী একসাথে থাকা শুরু করে। এই সমস্ত মহিলাদের অভিষেক মিশ্র গান্ধর্ব মতে বিয়ের প্রস্তাব দিয়ে তাদের যৌন শোষণ ও হেনস্থা করতো বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম
অভিষেক মিশ্র প্রসাদের নামে মাদক মেশানো দুধ খাইয়ে একাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছে বলেও অভিযোগ উঠে আসছে। এমনকি অভিযুক্তর মোবাইলে বহু আপত্তিকর ছবি ও ভিডিওর হদিস পাওয়া গেছে যা পুলিশ তদন্তের আওতায় এনেছে। অভিযোগ উঠে আসছে তার বাড়িতে থাকা যুবক-যুবতীদের থেকে টাকা আদায় করত অভিষেক। এমনকি আশেপাশের বহু মহিলাদেরও সে তার টার্গেট বানিয়ে তাদের এই কাজে টানার চেষ্টা চালিয়েছিল। বর্তমানে পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে ঠিক কতজন মহিলা এই ভন্ড বাবার চক্রান্তের শিকার হয়েছিলেন।










