সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশাখ মাসের শুরুতেই চাঁদিফাটা গরমে (Summer) ঘরে টেকা দুষ্কর হয়ে পড়ছে। ছাদ থেকে যেন আগুনের গোলা নেমে আসছে। ফ্যানের হাওয়াও আগুনের মতো গরম। এসি ছাড়া টেকাই দুষ্কর। তবে এরই মধ্যে মুশকিল আসান হতে পারে সামান্য কাজ। মাত্র ৫০০ টাকা খরচ করে যদি আপনি ছাদে এই কাজ করতে পারেন, তাহলে ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল (Roof Cooling Tips)। বিশদে জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।
মাত্র ৫০০ টাকা খরচ করেই ছাদে করুন এই কাজ
আসলে তীব্র গরমে সবার অবস্থায় এখন কাহিল। চড়া রোদের কারণে বাইরে টেকা তো দায়। আবার ঘরের ভেতরেও মনে হচ্ছে ছাদ থেকে আগুনের ফুলকি ঝড়ে পড়ছে। কারণ, গরমে ছাদ সবথেকে বেশি উত্তপ্ত হয়। আর এমতাবস্থায় যদি সামান্য কাজ করেন, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। এর জন্য আপনাকে বেশি টাকা খরচও করতে হবে না।
আসলে ছাদের তাপমাত্রা কম করার একটি সহজ পদ্ধতি হল রিফ্লেক্টিভ রুফ সারফেস। সহজ ভাষায় বলতে গেলে, আপনাকে ছাদের মেঝেতে রং করতে হবে। তাহলেই ছাদ ঠান্ডা থাকবে এবং ঘরের ভেতরেও তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এর জন্য আপনাকে বাজারে গিয়ে প্রথমে কলিচুন, জিঙ্ক অক্সাইড, হোয়াইট সিমেন্ট বা সাদা সিমেন্ট এবং ফেভিকল কিনে আনতে হবে। মোটামুটি একটি ঘরের ছাদের জন্য আপনাকে ৫ কেজি চুন, দেড় কেজি হোয়াইট সিমেন্ট, দেড় কেজি লিকুইড ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড দরকার পড়বে।
এর পরেই আসল কাজ। চুন কিনে এনে প্রথমে সারারাত সেই চুন ভিজিয়ে রাখুন। সিলভারের বালতি বা খালি টিনে ভিজিয়ে রাখলে সবথেকে ভালো ফল পাবেন। পরদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই উঠে সমস্ত পদার্থগুলি একসঙ্গে গাঢ় মিশ্রণ করুন। এরপর সেই মিশ্রণটি মগ দিয়ে ছাদে ঢেলে ঝাঁটা দিয়ে দিন। খেয়াল করবেন, যাতে পুরো ছাদে মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। যখন শুকিয়ে যাবে, অর্থাৎ বিকালের দিকে হালকা জলের ছিটে দিতে হবে। এতে মিশ্রণটা আরও শক্ত করে মেঝেকে ধরে রাখবে। যার ফলে ছাদের নিচের তলার ঘর গরম হবে না এবং ছাদও তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে।
আরও পড়ুন: শেয়ার বাজারের পতনেও ভয় নেই, অল্প খরচে লাভের মুখ দেখতে হলে সেরা বিকল্প Arbitrage Funds!
এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে, এই জিনিসগুলির দাম কত বা কত খরচ পড়বে? বলতে গেলে একটা রুমের জন্য মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করলেই আপনি এই পদার্থগুলি কিনে আনতে পারবেন। আর এতে ছাদের কোনও রকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকশই আরও বেড়ে যাবে, আর ঘরও থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল।










