অনন্যা সরকার, কলকাতা: আধার অ্যাপের (Aadhaar App) দিয়ে আধারের সাথে লিংক করা ইমেল অ্যাড্রেস (Email Address) আপডেট করা এখন আরও সহজ করলো ইউআইডিএআই (UIDAI)। এর আগে কোনো জরুরি তথ্য আপডেট করার জন্য নাগরিকদের আধার কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হত। এখন এই প্রক্রিয়াটি ঘরে বসে খুব সহজেই অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে, অতিরিক্ত কোনো ঝঞ্ঝাট ছাড়াই। চলুন তাহলে আধারে ইমেল আইডি আপডেট করার সহজ পদ্ধতিটি জেনে নেওয়া যাক।
আধার অ্যাপের মাধ্যমে সহজেই আপডেট করুন ইমেল অ্যাড্রেস
আধার-সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট করার জন্য মানুষকে ছুটতে হত আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারগুলোতে। এরজন্য অনেকটা সময় ব্যয় করতে হত। যাদের হাতে সময় কম অথবা যাদের বাড়ির কাছাকাছি আধার কেন্দ্র নেই তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি আরও বেশি সময়সাপেক্ষ। তবে এখন আধার অ্যাপটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নাগরিকরা তাদের স্মার্টফোনের মাধ্যমে আধার সম্পর্কিত বিভিন্ন পরিষেবা পেতে পারেন। ইউআইডিএআই জানিয়েছে যে, আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন ছাড়াই অ্যাপের মাধ্যমে নির্বাচিত কিছু তথ্য আপডেট করা যাবে। তাই এখন যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আধারের তথ্য আপডেট করা সম্ভব।
আর পড়ুন: দুইয়ের বেশি সন্তান জন্ম দেওয়া চলবে না! কড়া নিয়ম আনছে পশ্চিমবঙ্গ সরকার
কীভাবে আধারে ইমেল অ্যাড্রেস আপডেট করবেন?
যদি আপনার ফোনে আধার অ্যাপ ডাউনলোড করা না থাকে, তাহলে প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দিয়ে অ্যাপ ওপেন করুন। অ্যাপের সার্ভিসেস বিভাগে গিয়ে ‘ইমেল অ্যাড/আপডেট’ অপশনটি বেছে নিন। ইমেল আপডেটের সুবিধাটি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর অবধি বিনামূল্যে পাওয়া যাবে।
এরপর যে ইমেইল আইডিটি আপনি আপডেট বা সংযুক্ত করতে চাইছেন সেটি এন্টার করতে হবে। তারপর অ্যাপ থেকে একটি ওটিপি ওই ইমেইল অ্যাড্রেসে পাঠানো হবে। ওটিপি-টি অ্যাপে প্রবেশ করিয়ে ইমেইল আইডিটি যে আপনার, তা প্রমাণ করতে হবে। আধারে ইমেল অ্যাড্রেস বা যেকোনো তথ্য আপডেট করার জন্য প্রয়োজনীয় অথেন্টিকেশন এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক।
নতুন ইমেল আইডি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং অ্যাপের সমস্ত নির্দেশগুলি সঠিকভাবে অনুসরণ করতে হবে। এইভাবে পুরো প্রক্রিয়াটি শেষ করার পর, আপডেটের আবেদনটি সাবমিট করতে হবে। শাএকটি ইউআরএন (URN) নম্বর জেনারেট হবে, সেটিকে পরে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: কাস্ট সার্টিফিকেট যাচাই নিয়ে বড় রায় হাইকোর্টের, সরকারকে দেওয়া হল কড়া নির্দেশ
উল্লেখ্য, আধার-লিঙ্কড যোগাযোগের মাধ্যমগুলিকে সবসময় আপডেট রাখা জরুরি। এর মাধ্যমে আধার-সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি সঠিক সময়ে পাওয়া যায় এবং বিভিন্ন আধার পরিষেবা ব্যবহার করা সহজ হয়। একটি আপডেট করা ইমেল অ্যাড্রেস থাকলে আধার-সম্পর্কিত ডিজিটাল পরিষেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সহজ হয়। মনে রাখবেন আধার সম্পর্কিত তথ্যগুলি আপডেট করার সময় সর্বদা অফিসিয়াল আধার প্ল্যাটফর্ম বা অ্যাপই ব্যবহার করতে হবে। অননুমোদিত ওয়েবসাইট বা ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা বিপজ্জনক হতে পারে।










