৩৫ পরীক্ষায় ফেল, দু’বার UPSC ক্র্যাক করে আজ IAS অফিসার বিজয়

Published:

UPSC Success Story of Vijay Wardhan

অনন্যা সরকার, কলকাতা: মানুষের জীবনে ওঠাপড়া লেগেই থাকে। তবে তা সত্ত্বেও কিছু মানুষ আছেন, যাঁদের জীবনের যাত্রাপথে সহজের পরিবর্তে কঠিন পথটি বেছে নিতে হয়। তাঁরা হাল ছাড়েন না, বরং সমস্ত বাধা-বিপত্তি থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার সংকল্প করেন। আর এখান থেকেই আসে সাফল্য। ৩৫টি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও হরিয়ানার সন্তান বিজয় বর্ধন হার স্বীকার করে নেননি। অবশেষে দু’বার ইউপিএসসি (UPSC)-এর মতো কঠিন পরীক্ষায় পাস করে তাঁর স্বপ্ন পূরণ করেন। প্রথমবার পাস করে আইপিএস (IPS) এবং পরে আইএএস (IAS) অফিসার হন। আসুন তাঁর সাফল্যের কাহিনীটি (UPSC Success Story of Vijay Vardhan) জেনে নেওয়া যাক।

একাধিকবার পরীক্ষায় অসফলতা থেকে দু’বার ইউপিএসসি ক্র্যাক

হরিয়ানার সিরসা জেলার বাসিন্দা বিজয় বর্ধন। অতি সাধারণ পরিবার থেকে আসা একটি ছেলের কাছে আকাশচুম্বী স্বপ্ন দেখাই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু ছোটবেলা থেকেই তিনি বড় কিছু অর্জন করার স্বপ্ন দেখতেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, তিনি কখনও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। তার দৃঢ় মানসিকতা তাকে প্রয়াস চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছিল। 

প্রাথমিক শিক্ষা শেষ করে বিজয় দিল্লি থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। সেখানে থাকাকালীনই তিনি সরকারি চাকরি করার স্বপ্ন দেখতে শুরু করেন। শুরুতে তাঁর ধারণা ছিল শুধু কঠোর পরিশ্রম করলেই  সাফল্য আসবে, কিন্তু বাস্তব ছিল তাঁর ধারণার চেয়েও অনেক কঠিন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে ধৈর্য এবং নিরন্তর কঠোর পরিশ্রম উভয়েরই প্রয়োজন আছে।

হরিয়ানা পিসিএস (PCS), ইউপিপিসিএস (UPSC) এবং এসএসসি (SSC)-র মতো প্রায় ৩৫টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরপর অকৃতকার্য হন বিজয়। তবে এতবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি কখনও হাল ছাড়েনি। প্রতিবারই নিজের ভুলগুলো বুঝে, তা শুধরে নেওয়ার চেষ্টা করতেন। তিনি একটা কথাই বিশ্বাস করতেন যে ব্যর্থতাই জীবনের আসল শিক্ষক। 

আরও পড়ুনঃ আর্ন্তজাতিক ‘মিশন শক্তিস্যাট’-এ ডাক পেল পূর্ব মেদিনীপুরের মেয়ে, তৈরি করবে স্যাটেলাইট

দীর্ঘদিনের লড়াই ও প্রবল ইচ্ছাশক্তির জোরে অবশেষে নিজের স্বপ্ন পূরণে সফল হন বিজয় বর্ধন। বারংবার ব্যর্থ হওয়ার পর ২০১৮ সালে তিনি প্রথমবারের জন্য ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সেবছর তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিল ১০৪। এটি তাঁর সামনে আইপিএস অফিসার হওয়ার পথ খুলে দেয়। কিন্তু তিনি একজন আইএএস অফিসার হতে চেয়েছিলেন, তাই আবার প্রস্তুতি শুরু করেন। ২০২১ সালে আবারও ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন বিজয় এবং এবার একজন আইএএস অফিসার হতে সমর্থ হন। তাঁর এই যাত্রা প্রমাণ করে যে, সফলতা শুধু প্রতিভা থেকেই আসে না, কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের জোরে মানুষ কঠিন থেকে কঠিনতম পরীক্ষা জয় করতে পারে।