আর্ন্তজাতিক ‘মিশন শক্তিস্যাট’-এ ডাক পেল পূর্ব মেদিনীপুরের মেয়ে, তৈরি করবে স্যাটেলাইট

Published:

Madhumita Maiti Mission ShakthiSAT

অনন্যা সরকার, মহিষাদল: এবার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কর্মশালায় যোগ দিতে চলেছে বাংলার মেয়ে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাদশ শ্রেণির ছাত্রী মধুমিতা মাইতি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালা, ‘মিশন শক্তিস্যাট’ (Mission ShakthiSAT)-এ অংশ নেওয়ার জন্য। বিশ্বের ১০৮টি দেশের স্কুলছাত্রীদের সঙ্গে এই কর্মশালায় যোগ দিতে চলেছে মহিষদলের মধুমিতাও। পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। তার এই সাফল্যে শিক্ষক ও পরিবারের পাশাপাশি স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত স্থানীয় বাসিন্দারাও।

স্বপ্নকে বাস্তবে করে দেখালেন একাদশ শ্রেণির ছাত্রী 

আট দিনব্যাপী ‘মিশন শক্তিস্যাট’ কর্মশালা আগামী ২৩ অগাস্ট দিল্লিতে শুরু হতে চলেছে। ভারতের মোট ২১ জন ছাত্রী এতে অংশগ্রহণ করতে চলেছে, তাঁদের মধ্যে রয়েছে মহিষাদলের লক্ষ্যা হাইস্কুলের ছাত্রী মধুমিতাও। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) এবং ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের (IN-SPACe)  উদ্যোগে আয়োজিত এই ওয়ার্কশপে স্যাটেলাইট সংযোজন, একত্রীকরণ এবং পরীক্ষার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও, মহাকাশ বিজ্ঞান, মহাকাশ মিশন পরিকল্পনা, ইলেকট্রনিক্স, কোডিং, স্যাটেলাইট প্রযুক্তি, পেলোড ডিজাইনের সাথে সমস্যা সমাধান, নেতৃত্ব দেওয়া এবং দলগতভাবে কাজ করার বিষয়েও তাদের শিক্ষাদান করা হবে। 

মহিষাদলের লক্ষ্যা হাইস্কুলের শিক্ষক ও মধুমিতার গাইড শুভজিৎ দাস বলেছেন, বিশ্বের প্রায় ১২ হাজার ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিল। মধুমিতা সফলভাবে অনলাইন লার্নিং মডিউল সম্পূর্ণ করে দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েছে। এই টেস্টটি মোটেই সহজ ছিল না, তবে মহাকাশ গবেষণার প্রতি মধুমিতার আগ্রহ সেই ছোটবেলা থেকেই, যা তাকে এই সাফল্য এনে দিতে সাহায্য করেছে।

মিশন শক্তিস্যাটের জন্য ২১টি মডিউল ও ৩৬৫টি লেসন নিয়ে বিশেষ পাঠক্রম তৈরি করা হয়েছে। স্কুলপড়ুয়া ছাত্রীদের মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সম্পর্কে জানানোর পাশাপাশি, স্যাটেলাইট তৈরির মাধ্যমে অনুপ্রাণিত, শিক্ষিত ও ক্ষমতায়িত করে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য। এই কর্মসূচির মাধ্যমে মহাকাশ গবেষণায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাজেটের মধ্যেই স্বর্গীয় ভ্রমণ, ঘুরে আসুন কলকাতার অদূরে ‘সিমডেগা’ থেকে

উল্লেখযোগ্যভাবে, ‘মিশন শক্তিস্যাট’ ওয়ার্কশপে শুধু শেখানোই নয়, অংশগ্রহণকারী ছাত্রীদের দিয়ে তৈরি করানো হবে দুটি স্যাটেলাইটও। আগামী ১১ অক্টোবর শ্রীহরিকোটা (Sriharikota) থেকে সেগুলি উৎক্ষেপণ করার পরিকল্পনাও রয়েছে। একটি স্যাটেলাইট চাঁদের মাটিতে অবতরণ করবে এবং অন্যটি চাঁদের কক্ষপথে আবর্তন করবে বলে জানা গেছে।